
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবন নির্মাণে বাঁশ ব্যবহারের বিষয়টি তদন্ত করার জন্য নতুন কমিটি করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে গণপূর্ত অধিদপ্তরের কোনো প্রতিনিধি থাকছেন না।
গতকাল বুধবার গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীসহ তিন সদস্যের একটি প্রতিনিধিদল ভবনটি পরিদর্শন করেছে। এ ছাড়া বিষয়টি নিয়ে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশনও।
স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গতকাল হাসপাতালের পরিচালকের কাছে একটি ফ্যাক্স বার্তা পাঠানো হয়েছে। তাতে নতুন করে একটি তদন্ত কমিটির জন্য মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পাঠাতে বলা হয়েছে।
হাসপাতালের উপপরিচালক তৌফিকুল ইসলাম বলেন, নতুন কমিটিতে গণপূর্ত বিভাগের কোনো সদস্যকে রাখা হবে না। তাদের তত্ত্বাবধানেই যেহেতু ভবনটি নির্মিত হয়েছে, তাই তাদের প্রতিনিধি বাদ দিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য প্রকৌশল বিভাগের একজন প্রকৌশলীকে নতুন কমিটির সদস্য হিসেবে রাখা হবে। কমিটির প্রধান হিসেবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের রক্ত পরিসঞ্চালন বিভাগের বিভাগীয় প্রধান মোসাদ্দেক হোসেনের নামই থাকছে। ফ্যাক্সযোগে আজকের (বুধবার) মধ্যেই কমিটির প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে।
এর আগের কমিটিতে রাজশাহী গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী লতিফুল ইসলাম ও উপবিভাগীয় প্রকৌশলী নাফিজ মাহমুদের নাম ছিল।
নতুন কমিটি কাজ করলে আগের কমিটি কী করবে প্রশ্নে উপপরিচালক বলেন, আগের কমিটিও থাকবে। তারা তাদের মতো কাজ করবে। তিনি বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গণপূর্ত অধিদপ্তরকে বাদ দিয়ে আলাদা কমিটির প্রস্তাব পাঠাতে বলেছে, তাঁরা পাঠাচ্ছেন। কালকেই (বৃহস্পতিবার) হয়তো এই কমিটি অনুমোদন হয়ে আসবে।’
গতকাল দুপুরে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হাফিজুর রহমান মুন্সী, ডিজাইন সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবিব ও অডিট অ্যান্ড মনিটরিং সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হক হাসপাতালের ওই ভবন পরিদর্শনে আসেন। পরিদর্শন শেষে প্রধান প্রকৌশলী সাংবাদিকদের বলেন, এটা ভবনের মূল কাঠামোর সঙ্গে সম্পর্কযুক্ত কোনো অংশ না। ব্যক্তিগত পর্যায়ে এ ক্ষেত্রে কেউ কেউ দামি কাঠ ব্যবহার করে থাকেন। কিন্তু এটি যেহেতু সরকারি ভবন, বেশি ব্যবহৃত হয়, তাই স্টিল বা অন্য কিছু দেওয়া হয়। তিনি বলেন, মন্ত্রী তাঁকে আসতে বলেছেন, তাই তিনি এসেছেন। এখানে কারও কোনো ‘ফল্ট’ থাকলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো ফল্ট দেখছেন কি না—এ প্রশ্নে তিনি বলেন, ‘দেখছি না, তবে আমাদের নিচের লেভেলের লোকদের এটা খেয়াল করার দরকার ছিল।’
এ ছাড়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক আবদুল আজিজ ভূঁইয়া গতকাল এই ভবন পরিদর্শন করেন। তিনি বলেন, চেয়ারম্যানের কার্যালয় থেকে নির্দেশিত হয়ে তাঁরা অনুসন্ধানে নেমেছেন। উপপরিচালক ঢাকা থেকে ফিরলে আনুষ্ঠানিকভাবে তাঁরা কাজ শুরু করবেন।
তবে ভবন নির্মাণকারী সংস্থা মার্ক বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মমিনুল হক গতকাল এক বার্তায় প্রথম আলোকে জানিয়েছেন, তাঁরা ২০১২ সালের ৩০ জুন ভবন নির্মাণের কাজ শেষ করেছেন। তাঁরা স্টিলের সাটার ব্যবহার করেছেন। কোথায় বাঁশ ব্যবহার করেননি। তিনি বলেন, প্রকাশিত খবর অনুযায়ী লিফট এবং তার পাশের দেয়ালের কাজ নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু লিফট বসানোর কাজ তাঁরা করেননি।