মন্ত্রণালয়ের তদারকির অভাবে ৫১ বিদ্যালয়ের জমি বেহাত
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তদারকি না থাকায় রাজধানীতে ৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি বেহাত হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় উপকমিটি দখল হওয়া সাতটি বিদ্যালয় পরিদর্শন করে এ মত দিয়েছে। জাতীয় সংসদ ভবনে গত বৃহস্পতিবার উপকমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
কমিটি বলেছে, ১৯৭৩ সালে সব প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করার পর বলা হয়েছিল, বিদ্যালয়-সংশ্লিষ্ট জমি সরকারের কাছে হস্তান্তরিত হবে। কিন্তু গত ৪১ বছরে মন্ত্রণালয় ৫১টি বিদ্যালয়ের জমি সরকারের আওতায় আনার ব্যাপারে কোনো প্রশাসনিক বা আইনি ব্যবস্থা নেয়নি। এ সুযোগে এসব বিদ্যালয়ের জমি অন্যের নামে রেকর্ড হয়ে গেছে।
বৈঠক শেষে উপকমিটির আহ্বায়ক আ খ ম জাহাঙ্গীর হোসাইন বলেন, উপকমিটি দ্রুত আইনি প্রক্রিয়া নিষ্পত্তি করে বেহাত হওয়া জমি উদ্ধারে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। এ ছাড়া সরকারি বিদ্যালয়ের জমি তদারকির জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগ করতে বলেছে।
সংসদ সচিবালয় থেকে জানানো হয়, উপকমিটি ২ ও ৩ ডিসেম্বর কোতোয়ালি ও সূত্রাপুর থানার সাতটি বিদ্যালয় পরিদর্শন করে। তাতে দেখা যায়, কোতোয়ালি থানার এফ কে এম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে বংশাল বালিকা উচ্চবিদ্যালয় এবং একই বিদ্যালয়ে প্রাথমিক শাখা পরিচালিত হচ্ছে। স্থানীয় প্রভাবশালীরা ভবনের চতুর্থ তলার একটি বড় কক্ষ দখল করে তা কমিউনিটি সেন্টার হিসেবে ভাড়া দিচ্ছে।
জাহাঙ্গীর হোসাইন বলেন, উপকমিটি উচ্চবিদ্যালয়ের প্রাথমিক শাখা বন্ধের সুপারিশ করে চতুর্থ তলার কক্ষটিকে পাঠকক্ষে পরিণত করতে বলেছে।
সংসদ সচিবালয় আরও জানায়, নাজিরাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নাজিরাবাজার বালিকা উচ্চবিদ্যালয় পরিচালিত হচ্ছে। কমিটি এখানে উচ্চবিদ্যালয়ের কোনো প্রাথমিক শাখা না খোলার এবং ছোট কাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন ভেঙে নতুন ভবন তৈরির সুপারিশ করেছে। হাফিজ উদ্দিনের নামে রেকর্ড হওয়া সূত্রাপুরের এম এ আলীম প্রাথমিক বিদ্যালয়ের জমি উদ্ধারে কমিটি রেকর্ড সংশোধনের মামলা করার সুপারিশ করে। গেন্ডারিয়া প্রাথমিক বিদ্যালয়ের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা ছয়টি দোকান ও সীমান্ত খেলাঘর আসরকে উচ্ছেদের সুপারিশ করে।
পরিদর্শনের সময় উপকমিটির আহ্বায়ক আ খ ম জাহাঙ্গীর হোসাইন, সদস্য আলী আজম, মোহাম্মদ ইলিয়াছ, উম্মে রাজিয়া ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।