মন্ত্রণালয়ের নির্দেশ নেই, তাই চালু হয়নি ছয় মাসেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় মাস আগে নির্মাণকাজ শেষ। হস্তান্তরও হয়েছে। সর্বাধুনিক সব প্রযুক্তির যন্ত্র দিয়ে সাজানোর পরও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হৃদ্‌রোগ বিভাগের নতুন ভবনটি এখনো চালু হয়নি।

লোকবলের সংকট, সেই সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা না পাওয়ায় ভবনটির কার্যক্রম চালু করা সম্ভব হচ্ছে না বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। কর্তৃপক্ষ বলছে, মন্ত্রণালয়ের নির্দেশ পেলেই ভবনটি চালু করা হবে।

নতুন ভবনে স্থাপিত বিভিন্ন আধুনিক যন্ত্রপাতির মূল্য প্রায় ২৩ কোটি টাকা। এগুলো দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়ে থাকলে নষ্ট হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এর মধ্যে একটি যন্ত্র সাড়ে চার বছর আগে আনা হলেও তা এখনো বাক্সবন্দী অবস্থায় পড়ে রয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, পুরোনো ৪৬ শয্যার হৃদ্‌রোগ বিভাগে একজন অধ্যাপক, একজন রেজিস্ট্রার ও দুজন সহকারী রেজিস্ট্রারের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। সেখানে একজন সহযোগী অধ্যাপক, দুজন সহকারী অধ্যাপক ও দুজন সহকারী রেজিস্ট্রার দিয়ে কোনো রকমে চলছে চিকিৎসা কার্যক্রম। ৫০ শয্যার নতুন ভবনটি নির্মাণ শেষে উদ্বোধনের অপেক্ষায়। বাড়তি লোকবল নিয়োগ ছাড়া ভবনটি চালু করা হলে বিভাগের চিকিৎসা কার্যক্রমই ভেঙে পড়বে।

সূত্র জানায়, চিকিৎসকের সংকটের পাশাপাশি যন্ত্র চালানোর মতো উপযুক্ত লোকবলও নেই। রোগ নির্ণয়ের এক্সারসাইজ টলারেন্স টেস্ট (ইটিটি) যন্ত্রটি সাড়ে চার বছর আগে আনা হলেও তা এখনো বাক্সবন্দী অবস্থায় পড়ে রয়েছে।

চলতি বছরের ২৩ মার্চ হৃদ্‌রোগ বিভাগের ৫০ শয্যার নতুন ভবনটি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে ঠিকাদারি প্রতিষ্ঠান। সব কটি শয্যাই আধুনিক। এর মধ্যে ১০টি শয্যা নিবিড় পরিচর্যার জন্য। এখানে স্থাপিত উল্লেখযোগ্য আধুনিক যন্ত্রগুলো হলো ১০টি ভেন্টিলেটর, ১০টি কার্ডিয়াক মনিটর, দুটি ইকো-কার্ডিয়াক, একটি পোর্টেবল এক্সে-রে, তিনটি ইসিজি ও তিনটি ডি-ফেবুলেটর যন্ত্র।

বিভাগ সূত্র জানায়, পুরোনো হৃদ্‌রোগ বিভাগে গড়ে প্রতিদিন ১০০ রোগী ভর্তি থাকেন। স্থানসংকুলান না হওয়ায় তাঁদের অনেকে মেঝেতে ঠাঁই নেন। লক্কড়ঝক্কড় পুরোনো যন্ত্র দিয়েই চলছে তাঁদের সেবা। পুরোনো তিনটি ইকো-কার্ডিয়াক যন্ত্রের দুটিই নষ্ট। ১২টি মনিটরের ১০টিই বিকল পড়ে আছে। তিনটি ইসিজি যন্ত্র চালু থাকলেও সেগুলো মানসম্পন্ন নয়।

গত বুধবার সরেজমিনে দেখা যায়, পুরোনো হৃদ্‌রোগ বিভাগে শয্যাসংখ্যার দ্বিগুণ রোগী ভর্তি। অর্ধেকের বেশি মেঝেতে। মেঝেতে ঠাঁই পাওয়া রোগী কুড়িগ্রামের নাগেশ্বরীর বাসিন্দা আবু জাফর (৪৮) বলেন, এখানে নানা ভোগান্তি। যন্ত্র কম থাকায় পরীক্ষা-নিরীক্ষায় অনেক বেগ হতে হয়। একই অভিযোগ করেন গাইবান্ধার মোজাম্মেল হক, সুন্দরগঞ্জের দেলাবর হোসেন, রংপুর শহরের আবদুল লতিফসহ কয়েকজন।

বিভাগে তখন দায়িত্ব পালন করছিলেন সেবিকা রওশন আরা বেগম। তিনি বলেন, রোগীর চাপ সামলাতে তাঁদের হিমশিম খেতে হয়। সেই সঙ্গে যন্ত্রপাতির সমস্যা তো আছেই।

কথা হয় হৃদ্‌রোগ বিভাগের বিভাগীয় প্রধান গোলজার আহমেদের সঙ্গে। তিনি বলেন, বিভাগে রেজিস্ট্রার নেই। অধ্যাপক নেই। এসব সংকট দূর করাসহ নতুন আধুনিক ভবনটি চালু করার জন্য বিভাগের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিতভাবে বহুবার বলা হয়েছে। কিন্তু কোনো পদক্ষেপ নেই।

জানতে চাইলে হাসপাতালের পরিচালক আ স ম বরকতুল্লাহ প্রথম আলোকে বলেন, নতুন ভবনটি চালুসহ হৃদ্‌রোগ বিভাগের সমস্যা সমাধানে ও চিকিৎসকের সংকট দূর করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে। কিন্তু মন্ত্রণালয় থেকে নির্দেশনা না পাওয়ায় নতুন ভবনটি চালু করা যাচ্ছে না।