বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে কাজ করতে বলেছে সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভায় বিমানকে এ পরামর্শ দেওয়া হয়। এ সময় বিমানের পক্ষ থেকে নিজেদের স্বাধীন প্রতিষ্ঠান বলে দাবি করা হলেও, কমিটি তা আমলে নেয়নি। কমিটির পর্যবেক্ষণে বলা হয়, পাবলিক লিমিটেড কোম্পানির শর্ত মেনে চলছে না বিমান কর্তৃপক্ষ। জাতীয় পতাকাবাহী এ প্রতিষ্ঠানটি এখনো সরকারের শতভাগ আর্থিক সহায়তায় চলছে। পুঁজিবাজারে ৫১ শতাংশ শেয়ার ছাড়ার কথা থাকলেও, তা-ও করেনি বিমান। সভা-সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বিমানের ভাড়া করা বোয়িং-৭৪৭ উড়োজাহাজের ফ্লাইট ২০১০ সালের জুনে বন্ধ রাখার ঘটনায় সংসদীয় উপকমিটির তদন্ত প্রতিবেদন নিয়েও কমিটির গতকালের সভায় আলোচনা হয়। প্রতিবেদনে বলা হয়, ফ্লাইট বন্ধ রাখাতে তখন বিমানের ৪৫ লাখ টাকার আর্থিক ক্ষতি ও যাত্রীসেবার ক্ষেত্রে সুনাম ক্ষুণ্ন হয়েছে।সভায় জামালউদ্দীন আহমেদ দাবি করেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনস একটি স্বাধীন প্রতিষ্ঠান। এর যেকোনো সিদ্ধান্ত পরিচালনা পর্ষদ নিয়ে থাকে। সংসদীয় কমিটির সদস্যরা বিমানের চেয়ারম্যানের এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেন। কমিটির সভাপতি এ বি এম গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সদস্য টি আই এম ফজলে রাব্বি চৌধুরী, খান টিপু সুলতান, বীরেন শিকদার, এস কে আবু বাকের ও মঈন উদ্দীন খান বাদল, বিমানের চেয়ারম্যান জামালউদ্দীন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভা শেষে টি আই এম ফজলে রাব্বি চৌধুরী সাংবাদিকদের বলেন, পাবলিক লিমিটেড কোম্পানি হলেও বিমান স্বতন্ত্র প্রতিষ্ঠানের শর্ত পূরণ করতে পারেনি। সে জন্য কমিটি প্রতিষ্ঠানটিকে মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে চলতে বলেছে।