মন্ত্রণালয়ের নির্দেশের অপেক্ষায় মাউশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের বেতন ‘অস্বাভাবিক’ বৃদ্ধির প্রতিবাদে গতকালও রাজধানীর বেইলি রোডে শিক্ষাপ্রতিষ্ঠানটির সামনে বিক্ষোভ করেন অভিভাবকেরা l ছবি: প্রথম আলো
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের বেতন ‘অস্বাভাবিক’ বৃদ্ধির প্রতিবাদে গতকালও রাজধানীর বেইলি রোডে শিক্ষাপ্রতিষ্ঠানটির সামনে বিক্ষোভ করেন অভিভাবকেরা l ছবি: প্রথম আলো

বড় স্কুলগুলোতে হঠাৎ করে বেতন বৃদ্ধির বিষয়ে করণীয় জানতে গতকাল বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে। একই ঘটনায় রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাউশি।
রাজধানীসহ দেশের বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের হঠাৎ বেতন বৃদ্ধির প্রতিবাদে অভিভাবকেরা আন্দোলন করছেন। গতকাল ভিকারুননিসা নূন স্কুলের অধ্যক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অভিভাবকেরা এক সপ্তাহের জন্য তাঁদের আন্দোলন স্থগিত করেন।
জানতে চাইলে মাউশির মহাপরিচালক ফাহিমা খাতুন প্রথম আলোকে বলেন, ‘একেকটি স্কুল একেক রকম ফন্দি করে টাকা আদায় করছে। কেউ ভর্তির সময় টাকা বেশি আদায় করছে, কেউ বেতন দ্বিগুণ করেছে। এভাবে চলতে পারে না। এ বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা চেয়ে আমরা শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি।’
ভিকারুননিসা নূন স্কুলে বেতন বৃদ্ধির প্রতিবাদে গতকাল সকাল সাড়ে আটটার দিকে প্রভাতি শাখার ছাত্রীদের অভিভাবকেরা বেইলি রোডে স্কুলের মূল ফটকের সামনে অবস্থান নেন। তাঁদের হাতে ‘ভিকারুননিসা নূন স্কুলে অস্বাভাবিক বেতন বৃদ্ধি মানি না, মানব না’ লেখা ব্যানার ও প্ল্যাকার্ড ছিল।
স্কুলের একজন শিক্ষার্থীর বাবা প্রথম আলোকে বলেন, ‘কর্মসূচির পর স্থানীয় একজন কাউন্সিলরের সহযোগিতায় আমরা কয়েকজন অভিভাবক স্কুলের অধ্যক্ষ সুফিয়া খাতুনের সঙ্গে দেখা করার সুযোগ পাই। অধ্যক্ষ আমাদের কথা শুনেছেন। বেতন বাড়লেও যেন তা অভিভাবকদের জন্য অসহনীয় হয়ে না পড়ে, সে ব্যাপারে তিনি ব্যবস্থাপনা কমিটির সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন।’
অধ্যক্ষের সঙ্গে বৈঠকের পর সাত দিনের জন্য আন্দোলন স্থগিত করার কথা জানিয়েছেন কয়েকজন অভিভাবক। তবে তাঁরা বলেন, আগামী রোববার স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি রাশেদ খান মেননের সঙ্গে অভিভাবকদের দেখা করার কথা রয়েছে।
ভিকারুননিসা নূন স্কুলের অভিভাবকদের অভিযোগ, নোটিশ না দিয়েই স্কুল কর্তৃপক্ষ প্রতিটি ক্লাসে মাসিক বেতন প্রায় দ্বিগুণ করেছে।
রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার কথা নিশ্চিত করেছেন মাউশির দায়িত্বশীল কয়েকজন কর্মকর্তা। তবে স্কুলের অধ্যক্ষ মো. আবুল হোসেন প্রথম আলোকে বলেন, তিনি এখনো চিঠিটি হাতে পাননি। তিনি আরও বলেন, ‘বেতন-ভাতা বৃদ্ধি না করলে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা আগামী মাস থেকে আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। এখন আমি কী করি? গভর্নিং বডির চেয়ারম্যান বলেছেন পরবর্তী মিটিংয়ে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।’