মন্ত্রণালয়ের বক্তব্য ও প্রতিবেদকের জবাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ঈদযাত্রায় দুর্ভোগের শঙ্কা’ শিরোনামে গত শনিবার প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে বক্তব্য দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। সারা দেশের মহাসড়ক সচল এবং যানবাহন চলাচলের উপযোগী উল্লেখ করে মন্ত্রণালয় বলেছে, সড়ক-মহাসড়কের ক্ষতিগ্রস্ত অংশ জরুরি ভিত্তিতে মেরামত শেষ হয়েছে। ঘরমুখী মানুষ ঈদযাত্রার শুরুতে ঢালাওভাবে দুর্ভোগের শঙ্কা প্রকাশ করে প্রতিবেদন ছাপানো উদ্দেশ্যমূলক ও জনমনে অহেতুক আতঙ্ক সৃষ্টি হতে পারে।

মন্ত্রণালয় বলেছে, সড়ক-মহাসড়ক সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সড়ক-মহাসড়কের যেসব অংশ প্রথম আলোতে ক্ষতিগ্রস্ত বলে উল্লেখ করা হয়েছে, এর অধিকাংশেরই ইতিমধ্যে সংস্কারকাজ সম্পন্ন হয়েছে। পুরোনো তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কের ৩৮ কিলোমিটার সড়কের অবস্থা নাজুক বলে উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে এ সড়ক উন্নয়নকাজ একটি প্রকল্পের মাধ্যমে বাস্তবায়নাধীন। একাংশের কাজ চলমান, অন্য অংশে ঈদের পর কাজ শুরু হবে। যশোর শহরের খাজুরা বাসস্ট্যান্ড থেকে বাহাদুরপুর মোড় পর্যন্ত তিন কিলোমিটার অংশের কাজ এরই মধ্যে শেষ হয়েছে।

মন্ত্রণালয়ের ব্যাখ্যায় বলা হয়, ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট থেকে রাজৈর বাসস্ট্যান্ড পর্যন্ত পাঁচ কিলোমিটার পথ বেহাল বলে প্রতিবেদনে উল্লেখ করা হলেও সেখানে সংস্কারকাজ শেষ হয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত বাসের বিশেষ লেনের (বিআরটি) কাজ চলছে। পানিনিষ্কাশনের জন্য স্থায়ীভাবে ড্রেন নির্মাণের কাজ চলছে। ঢাকা থেকে উত্তরবঙ্গের পথে যে দুর্ভোগের কথা বলা হয়েছে, তা অমূলক। উত্তরবঙ্গের সিরাজগঞ্জ অংশের ২৬ কিলোমিটারের অর্ধেক ক্ষতিগ্রস্ত থাকার তথ্যও ঠিক নয়। বর্ণিত অংশের স্থায়ী মেরামত প্রস্তাব প্রক্রিয়াধীন। জরুরি সংস্কারকাজ ইতিমধ্যে শেষ হয়েছে। ঈদযাত্রায় সড়ক-মহাসড়ক ভোগান্তির কারণ হবে না বলে মনে করে মন্ত্রণালয়।

এদিকে বাসের বিশেষ লেন (বিআরটি) প্রকল্প কর্তৃপক্ষ গতকাল রোববার টঙ্গী-জয়দেবপুর অংশের আলাদা ব্যাখ্যা দিয়েছে। এতে বলা হয়েছে, সড়কের দুই পাশে দুই লেন করে চার লেনের প্রয়োজনীয় মেরামত করে যান চলাচলের জন্য সম্পূর্ণ উপযোগী করা হয়েছে। ঈদ উপলক্ষে প্রকল্পের কাজ বন্ধ রাখা হয়েছে। বৃষ্টি থাকলে নালা উপচে পড়ে, স্বাভাবিক অবস্থায় সমস্যা নেই। প্রকল্প কর্তৃপক্ষ ব্যাখ্যার সঙ্গে ওই সড়কের কিছু ছবি দিয়ে পরিস্থিতি স্বাভাবিক থাকার কথা জানায়।

প্রতিবেদকের বক্তব্য
সরেজমিন ঘুরে প্রথম আলোর প্রতিনিধিরা মহাসড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলোর তথ্য সংগ্রহ করেছেন। এর সপক্ষে একাধিক ছবিও রয়েছে। প্রতিবারই ঈদ বা বর্ষায় মহাসড়ক জরুরিভিত্তিতে মেরামত করা হয়। জোড়াতালির এই মেরামত টেকে না। মন্ত্রণালয় ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট থেকে রাজৈর বাসস্ট্যান্ড পর্যন্ত সংস্কারকাজ শেষ হয়েছে বললেও প্রতিবেদনে সওজকে উদ্ধৃত করে সমস্যার কথা বলা হয়েছে। এ ছাড়া মন্ত্রণালয় নিজেরাই বলছে, ঢাকা-খুলনা মহাসড়কের যশোরে একাংশের কাজ চলমান। অন্য অংশে ঈদের পর মেরামতকাজ শুরু হবে। ফলে যেখানে কাজ শুরু হয়নি, আগে থেকে থাকা খানাখন্দের উপস্থিতি তো স্বাভাবিকই। ঢাকা-উত্তরবঙ্গ পথের সিরাজগঞ্জ অংশেরও স্থায়ী মেরামতের সিদ্ধান্ত হয়েছে, বাস্তবায়িত হয়নি।

প্রতিবেদনে মহাসড়কের যেসব স্থানের বেহাল দশার কথা উল্লেখ করা হয়েছে, সড়ক ও জনপথ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হয়েছে। তাঁদের বক্তব্যেও প্রকাশিত সংবাদের সত্যতা মেলে।
প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয়েছে শনিবার। বিআরটি প্রকল্প কর্তৃপক্ষ যে ছবি দিয়েছে, তা কবে তোলা তা উল্লেখ করা হয়নি।