বেসরকারি শিক্ষক নিয়োগের ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা দুটি বিধিমালা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করছেন হাইকোর্ট। দুই সপ্তাহের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আজ সোমবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ফরিদ আহমদ শিবলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।
এ ব্যাপারে জানতে চাইলে রিটকারী আইনজীবী এ বি এম নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বেসরকারি শিক্ষক নিয়োগের ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় গত ২২ অক্টোবর ও ১১ নভেম্বর পৃথক দুটি বিধিমালা জারি করে। সেখানে বলা হচ্ছে, বেসরকারি শিক্ষক নিয়োগের ক্ষমতা প্রত্যয়ন কর্তৃপক্ষের। এর ক্ষেত্রে ওই সমস্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির শিক্ষক নিয়োগের কোনো ক্ষমতা নেই। সরকারের এ দুটি বিধিমালা প্রচলিত আইনের পরিপন্থী। তাই এই দুটি বিধিমালাকে চ্যালেঞ্জ করে মামলা করেছি। শুনানি শেষে আদালত আজ ওই দুটি বিধিমালা জারি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন।
সংশোধিত বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন-২০০৫ অনুযায়ী শিক্ষক নিয়োগ দেওয়ার ক্ষমতা কেবল এই আইনে গঠিত ১৩ সদস্যের কমিটির। ওই কমিটির কার্যালয় থাকবে ঢাকায়।
এ ব্যাপারে রিটকারী আইনজীবী আরও বলেন, নতুন বিধিমালা অনুযায়ী এভাবে শিক্ষক নিয়োগের জন্য প্রত্যন্ত অঞ্চলের একজনকে ঢাকায় আসতে হবে। যা কোনোভাবেই বাস্তবসম্মত না।
গত ২২ অক্টোবর জারি করা এক বিধিমালায় বলা হয়েছে, ২২ অক্টোবরের পর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি বিজ্ঞপ্তির মাধ্যমে কোনো শিক্ষক নিয়োগ দিলে তা অবৈধ ঘোষণা করা হবে। এই পদ্ধতির ফলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি একচ্ছত্র ক্ষমতা হারায়।