আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এম এ হান্নানের অপসারণের দাবি জানিয়েছেন চট্টগ্রামের ১০১ জন মুক্তিযোদ্ধা। গতকাল বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা অধিকার সংরক্ষণ পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উদ্যোগে বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। একই সঙ্গে সরাসরি ভোটের মাধ্যমে চট্টগ্রাম দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড গঠনেরও দাবি তোলা হয়।
তবে ১০১ জন মুক্তিযোদ্ধার বিবৃতি বলা হলেও গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ১৮ জনের নাম উল্লেখ রয়েছে। বিবৃতিদাতারা হলেন মোহাম্মদ ইদ্রিস, মহসীন খান, এম এ জাফর, হাবিবুর রহমান, আ ক ম সামসুজ্জামান প্রমুখ।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ২০১৩ সালে উচ্চ আদালত মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম দক্ষিণ জেলা ইউনিট গঠনের নির্দেশ দেন। কিন্তু মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় চট্টগ্রাম দক্ষিণ জেলা ইউনিট কমান্ড গঠনের বিষয়টি ঝুলিয়ে রাখে। এ ব্যাপারে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে গিয়ে হয়রানি ও অপমানের শিকার হন আইয়ুব খান। তাঁকে লাঞ্ছিত করেন সচিব এম এ হান্নান। অপমান সইতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।
বিবৃতিতে আরও বলা হয়, নির্বাচনের মাধ্যমে চট্টগ্রাম দক্ষিণ জেলা কমান্ড গঠিত না হলে আইয়ুব খানের মতো আরও ট্র্যাজেডির পুনরাবৃত্তি ঘটার আশঙ্কা রয়েছে।
বিবৃতির বিষয়ে মোহাম্মদ ইদ্রিস প্রথম আলোকে বলেন, ‘মুক্তিযোদ্ধা আইয়ুব খানকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ায় আমরা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের অপসারণ দাবি করছি। আর উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী সরাসরি ভোটের মাধ্যমে চট্টগ্রাম দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড গঠন করতে চাই।’