মন্ত্রণালয়ের সিদ্ধান্ত উপেক্ষা করে গলাচিপায় নদী দখল চলছেই
নৌপরিবহন মন্ত্রণালয়ের জাতীয় টাস্কফোর্সের বৈঠকে পটুয়াখালীর গলাচিপার দুটি নদীর ওপর অবৈধ স্থাপনা নির্মাণের কারণে ব্যবস্থা নেওয়া ও স্থাপনা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়ার পর নদী দখল এবং স্থাপনা নির্মাণের গতি আরও বেড়েছে। এদিকে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) একটি প্রতিনিধিদল গত বৃহস্পতিবার দুটি নদীর তীর পরিদর্শন শেষে ভরাট করে নদী দখলের সত্যতা পেয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার নৌপরিবহন মন্ত্রণালয়ের জাতীয় টাস্কফোর্সের বৈঠকে নদী দখল ও দূষণ বন্ধে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। এ ছাড়া গলাচিপার রামনাবাদ ও রনগোপালদী নদীর ওপর অবৈধ দখল রোধে ব্যবস্থা নেওয়া ও দখলদারদের স্থাপনা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয় বলে সাংবাদিকদের জানান নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।গত শনিবার সরেজমিনে দেখা যায়, গলাচিপা শহরসংলগ্ন রামনাবাদ নদীর তীর ভরাটে আগে একটি ড্রেজার ব্যবহার করা হলেও এখন দুটি ড্রেজার ব্যবহার করা হচ্ছে। রনগোপালদীর তীর বালু দিয়ে ভরাট শেষে পাকা স্থাপনা গড়ে উঠছে। প্রকাশ্যে এভাবে ভরাট ও পাকা স্থাপনা উঠলেও এ ব্যাপারে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না।এর আগে কৃত্রিম নদী ভরাটের ফলে প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য গত বছরের ২৩ নভেম্বর প্রধানমন্ত্রী বরাবর ফ্যাক্স বার্তা পাঠান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. হারুন-অর-রশীদ এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর মেয়র আবদুল ওহাব খলিফা। ফ্যাক্স বার্তায় বলা হয়, দেশের নদ-নদীর নাব্যতা রক্ষায় প্রধানমন্ত্রীর নির্দেশনা উপেক্ষা করে রামনাবাদ ও রনগোপালদী নদীর স্বাভাবিক প্রবাহ বন্ধ করে স্থানীয় সাংসদ গোলাম মাওলার নির্দেশে গলাচিপা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) সহায়তায় মূল নদীর একাংশ ভরাট করে মার্কেট নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর আগে ১৬ নভেম্বর নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের দৃষ্টি আকর্ষণ করে একটি আবেদন করা হলে মন্ত্রণালয়ের সচিবকে নদী ভরাট কার্যক্রম বন্ধ রাখার জন্য জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু নদী ভরাট বন্ধ হয়নি। পিআইও তপন কুমার ঘোষ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি এ ব্যাপারে কিছু জানি না এবং এ বিষয়ে মন্তব্য করাও আমার ঠিক হবে না’। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, টাস্কফোর্সের বৈঠকের সিদ্ধান্ত এখনো তাঁর কাছে আসেনি। এ ছাড়া মন্ত্রীর নির্দেশের পর মাটি ভরাটের কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে আবার ভরাটকাজ শুরু হয়েছে কি না, তা তিনি জানেন না। এদিকে বেলার বরিশাল কার্যালয়ের গবেষণা কর্মকর্তা লিংকন বায়েন ও মো. ওয়াহিদুজ্জামান গত বৃহস্পতিবার রামনাবাদ ও রনগোপালদী নদী পরিদর্শন করেন। লিংকন বায়েন প্রথম আলোকে বলেন, রামনাবাদ নদীর তীর ভরাট করে মার্কেট ও রনগোপালদী নদীর তীর ভরাট করে স্থাপনা নির্মাণ পরিবেশ আইনের পরিপন্থী। গত ২১ আগস্ট প্রথম আলোয় ‘গলাচিপায় নদীর তীর ভরাট করে চলছে মার্কেট নির্মাণের কাজ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে ক্ষিপ্ত হয়ে সাংসদ গোলাম মাওলার অনুসারীরা ৮ সেপ্টেম্বর রাতে প্রথম আলোর গলাচিপা প্রতিনিধি ইশরাত হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করে। এরপর প্রথম আলোর গলাচিপা প্রতিনিধির বিরুদ্ধে আরও তিনটি মামলা হয়। সর্বশেষ গোলাম মাওলা প্রথম আলো, সমকাল, যুগান্তর, ও মানবজমিন-এর প্রকাশক-সম্পাদকসহ ১১ জনের বিরুদ্ধে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণের মামলা করেন।