মন্ত্রণালয়ের সিদ্ধান্ত খারিজ, সুপ্রিম কোর্টের নির্দেশে মামলা চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক বিবেচনায় চার মাস আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চট্টগ্রাম নগর পুলিশ কর্মকর্তা বশির আলী হত্যা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুসারে গতকাল বুধবার মামলাটি চালানোর আদেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রবিউল হাসান। ২৮ সেপ্টেম্বর থেকে এই মামলার শুনানি শুরু হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিম্ন আদালত থেকে খারিজ হওয়ার ঘটনা দেশে এটি প্রথম বলে আইনজীবীদের সূত্রে জানা গেছে।২০০৭ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পুলিশ কর্মকর্তা বশির আলী হত্যা মামলাসহ দেশের চাঞ্চল্যকর ১১৩টি মামলা দ্রুত নিষ্পত্তির রায় দেন। হাইকোর্টে আপিল করার কারণে সাত বছর ধরে এই মামলার শুনানি স্থগিত ছিল। বর্তমান সরকার ক্ষমতায় এসে রাজনৈতিক বিবেচনায় এ মামলাটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।গতকাল নগরের জুবিলি রোডের দ্রুত বিচার ট্রাইব্যুনালে কয়েকজন আসামির উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয়। আসামিপক্ষের কৌঁসুলিরা ও সরকারি কৌঁসুলিরা মামলাটি প্রত্যাহারের জন্য যুক্তিতর্ক উপস্থাপন করেন। এ সময় আদালত সুপ্রিম কোর্টের আদেশকে মূল ভিত্তি হিসেবে গণ্য করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।শুনানির সময় বিচারক বলেন, ‘আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ও সুপ্রিম কোর্টের আদেশ পড়েছি। এ ক্ষেত্রে কোনটি আমি নেব?’ জবাবে কৌঁসুলিরা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মেনে নিতে আবেদন জানান। বিচারক এ সময় সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদসহ দুজন বিচারপতির উদ্ধৃতি আদালতে পড়ে শোনান। পরে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নাকচ করে সুপ্রিম কোর্টের নির্দেশের ভিত্তিতে মামলাটি নিষ্পত্তির জন্য আদেশ দেন।আদালত সূত্র জানায়, ১৪ বছর আগে ১৯৯৬ সালের ১১ ফেব্রুয়ারি বিএনপি সরকারবিরোধী আন্দোলনের সময় পাঁচলাইশ অঞ্চলের তৎকালীন সহকারী কমিশনার (এসি) বশির আলী অজ্ঞাতনামা সন্ত্রাসীর গুলিতে নিহত হন। এমইএস কলেজের কাছে তাঁকে খুন করা হয়। এ ঘটনায় এমইএস কলেজের তৎকালীন ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) ফরিদউদ্দিন আহমেদ চৌধুরীসহ ৪৯ জনকে আসামি করে পাঁচলাইশ থানায় মামলা হয়। আসামিদের বেশির ভাগ ছাত্রলীগের নেতা-কর্মী এবং এমইএস কলেজের কর্মচারী। আদালত সূত্র জানায়, বশির হত্যা মামলায় ৪৫ জনের মধ্যে ২৬ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এর আগে ১৯৯৬ সালের ১৩ নভেম্বর ৪৯ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এ মামলার বিচার কার্যক্রম স্থগিত রাখতে ২০০৩ সালে প্রধান আসামি ফরিদউদ্দিন হাইকোর্টে আবেদন করেন। ওই সময় তৎকালীন অ্যাটর্নি জেনারেলের আপত্তির কারণে আবেদনটি আপিল বিভাগে পাঠানো হয়। একই ধরনের আরও ১১২টি মামলার শুনানি শেষে ২০০৭ সালের ৪, ৫ ও ৯ ডিসেম্বর সুপ্রিম কোর্ট আসামিদের আপিল আবেদন খারিজ করেন। একই সঙ্গে মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য নিম্ন আদালতকে নির্দেশ দেন। আদালত সূত্র জানায়, তৎকালীন প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ এ রায় দেন। আপিল বিভাগের অন্য তিন সদস্য হলেন বর্তমান প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম, এম এম রহুল আমিন ও হাসান আমিন। তিন বছর পর গত ১২ আগস্ট আপিল বিভাগের আদেশটি চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে এসে পৌঁছায়। দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মো. আইয়ুব খান প্রথম আলোকে বলেন, ‘মামলাটি প্রত্যাহারের জন্য আমরা যথেষ্ট যুক্তি আদালতে উপস্থাপন করেছি। আদালত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নাকচ করে সাক্ষ্য নেওয়ার পরবর্তী দিন ধার্য করেন। এ ব্যাপারে আমরা পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু করেছি।’আসামির কৌঁসুলি ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, অভিযোগপত্রভুক্ত ১৬ থেকে ৪৯ নম্বর আসামি বশির হত্যার আগেই গ্রেপ্তার হয়েছিলেন। তাঁরা কী করে আসামি হন! আর একটি গুলিতে বশির খুন হয়েছিলেন। জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারা অনুযায়ী গত ২৩ আগস্ট চট্টগ্রাম মহানগর পিপি কামালউদ্দিন আহমেদ এবং ১৫ সেপ্টেম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি মামলাটি প্রত্যাহারের আবেদন জানান। এর আগে ২০ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মামলাটি প্রত্যাহারের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে।