মন্ত্রণালয়ের সুপারিশ বাস্তবায়িত না হলে ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঁধে দেওয়া সাত দফা দাবির পরিপ্রেক্ষিতে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সুপারিশগুলো বাস্তবায়ন করা না হলে ৮ জুন রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাওয়ার হুমকি দিয়েছে সিএনজি স্টেশন মালিকেরা।
গতকাল শনিবার দুপুরে মালিকদের সংগঠন বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই হুমকি দেওয়া হয়।
সংগঠনের সভাপতি জাকির হোসেন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৭ জুনের মধ্যে জ্বালানি মন্ত্রণালয়ের পাঁচ দফা সুপারিশ বাস্তবায়ন করা না হলে ৮ জুন সকাল ছয়টা থেকে সারা দেশে অবস্থিত সব সিএনজি স্টেশন অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করবে।
দেশের বিভিন্ন স্থান থেকে আসা সিএনজি স্টেশন মালিকদের জরুরি সাধারণ সভায় সর্বসম্মতভাবেই ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এর আগে সাত দফা দাবিতে গত জুলাইয়ে একবার ধর্মঘটে যায় সিএনজি স্টেশন মালিকেরা।