মন্ত্রিত্ব ও মহাজোট ছাড়তে জাপা নেতাদের তাগাদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবিষ্যতে এককভাবে নির্বাচন করতে চাইলে সংসদের চলতি অধিবেশনেই মহাজোট সরকারের মন্ত্রিসভা থেকে জাতীয় পার্টির (জাপা) প্রতিনিধিকে বের হয়ে আসার সিদ্ধান্ত নিতে হবে বলে দলের সভাপতিমণ্ডলীর সভার একাধিক নেতা মত দিয়েছেন। তাঁদের যুক্তি, নির্বাচনের আগমুহূর্তে মহাজোট ছাড়ার ঘোষণা দিয়ে একা নির্বাচনে গেলে মানুষ জাপাকে আস্থায় নেবে না।গতকাল সোমবার রাজধানীর বনানীর কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এতে দলের ১২ জন সাংসদসহ ৩০ জন নেতা উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত ছিলেন এমন একাধিক নেতা প্রথম আলোকে বলেন, সভার শুরুতে এরশাদ আলোচনার বিষয়বস্তু তুলে ধরে বলেন, জাপা আগামী নির্বাচনে এককভাবে অংশ নেবে। দেশের মানুষ আর দুই দলের মধ্যে ক্ষমতার পালাবদল দেখতে চায় না। এরপর সভাপতিমণ্ডলীর সদস্য সাংসদ মজিবর রহমান, আবদুল হান্নান, কাজী মাহমুদ হাসান, কাজী ফিরোজ রশীদ, আহসান হাবীব, সাংসদ মুজিবুল হক বক্তব্য দেন। তাঁরা জাপাকে শিগগির মহাজোট ছাড়ার ব্যাপারে তাগাদা দেন। দুই সাংসদ সংসদের চলতি অধিবেশনেই মন্ত্রিসভা থেকে জাপার সদস্য বাণিজ্যমন্ত্রী জি এম কাদেরকে বের হয়ে আসার পক্ষে মত দেন। জি এম কাদের সভায় ছিলেন না।সভা শেষে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। পরে জানতে চাইলে জাপার মহাসচিব রুহুল আমিন হাওলাদার প্রথম আলোকে বলেন, ‘আগামী নির্বাচন আমরা এককভাবে করব, এটাই আমাদের স্ট্যান্ড। আর তত্ত্বাবধায়ক সরকার নিয়ে দুই দলের মধ্যে যে দ্বন্দ্ব চলছে, সে ব্যাপারে সভায় নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে নির্বাচন অনুষ্ঠানের পক্ষে মতামত এসেছে।’