মন্ত্রিত্ব নিয়ে কথা বললেন না মায়া
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘প্রথম আলোতে কী লিখছে, সেইটা নিয়ে আমি কথা বলব না। কোর্টের রায় হাতে এলেই এ বিষয়ে কথা বলব।’
গতকাল মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দেন মায়া। আলোচনা সভা শেষে মোফাজ্জল হোসেন চৌধুরী যখন বেরিয়ে যাচ্ছিলেন, তখন সাংবাদিকেরা তাঁকে ঘিরে ধরে গতকাল প্রথম আলোতে প্রকাশিত ‘মায়া আর মন্ত্রী নন!’ সংবাদের বিষয়ে তাঁর মন্তব্য জানতে চান। এই সময় মায়া এমন মন্তব্য করেন।
মোফাজ্জল হোসেন চৌধুরী যখন সভাস্থলের বাইরে চলে আসেন, তখন একজন সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন কেন তিনি এ বিষয়ে কথা বলবেন না। তখন তিনি বলেন, ‘হাইকমান্ডের নির্দেশে’। তবে সঙ্গে সঙ্গে আবার মায়া বলেন, ‘হাই কমান্ডটাই কমান্ড না, আমি এ বিষয়ে কথা বলব না।’ সবাইকে পাশ কাটিয়ে দ্রুত তিনি সভাস্থল ত্যাগ করেন।