মন্ত্রিত্ব নিয়ে আমার কোনো হতাশা-ক্ষোভ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ‘আমি মন্ত্রিত্ব নিলাম কি নিলাম না, আওয়ামী লীগের মতো বিশাল রাজনৈতিক দলের তাতে কিছু যায় আসে না। এ নিয়ে আমার মধ্যে কোনো হতাশা নেই। কোনো ক্ষোভও নেই। এই দলের প্রধান বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব রাষ্ট্রনায়কোচিত। আমি দলকে ভালোবাসি, সেই দলের বিজয়ের মধ্য দিয়ে আমাদের সরকার গঠিত হয়েছে। সেই সরকারের ভালো-মন্দের সঙ্গে আমি জড়িত।’গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সিমিন হোসেন রিমির পক্ষে গতকাল শনিবার নির্বাচনী জনসভায় তোফায়েল আহমেদ ওই মন্তব্য করেন। বিকেলে কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে রণেন্দ্র উচ্চবিদ্যালয় মাঠের জনসভায় তোফায়েল আহমেদ আরও বলেন, ‘আমি মন্ত্রী হলাম কি হলাম না, এটা বিরোধী দলের কোনো আলোচ্য বিষয় (এজেন্ডা) হতে পারে না। বিরোধী দলের কোনো রাজনৈতিক কর্মসূচি নেই। বিভিন্ন সময় বিভিন্ন প্রসঙ্গ (ইস্যু) তারা লুফে নেয়। বিএনপির পক্ষ থেকে সরকারের যেসব ব্যর্থতার কথা বলা হচ্ছে, সেগুলো তুচ্ছ, কেবল রাজনৈতিক ফায়দা লোটার জন্য।’টোক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল জলিলের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন গাজীপুর-১ আসনের সাংসদ আ ক ম মোজামেঞ্চল হক, গাজীপুর-৫ আসনের সাংসদ মেহের আফরোজ, সাবেক সাংসদ কাজী শহিদুল্লাহ, টঙ্গী পৌরসভার মেয়র আজমত উল্লাহ খান প্রমুখ।ভাতিজির বিরুদ্ধে চাচার অভিযোগ: স্বতন্ত্র প্রার্থী আফসারউদ্দীন আহমদ খান তাঁর ভাতিজি আওয়ামী লীগের প্রার্থী সিমিন হোসেন রিমির বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। এ ব্যাপারে আফসারউদ্দীন গতকাল রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।লিখিত অভিযোগে আফসারউদ্দীন বলেন, আওয়ামী লীগের প্রার্থী সিমিন হোসেন প্রতীক বরাদ্দ পাওয়ার দুই দিন আগেই নির্বাচনী পোস্টার টাঙিয়েছেন। এ ব্যাপারে মৌখিক অভিযোগ জানানো হয়েছে। এর আগে নির্বাচনী আইন লঙ্ঘন করে সিমিনের মা সমাবেশ করেন, যা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। এসব ব্যাপারে অভিযোগ জানানো সত্ত্বেও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি। তাই নির্বাচন সুষ্ঠু হবে কি না, আশঙ্কা রয়েছে। তাঁর অভিযোগ সন্ত্রাসীদের হুমকি-ধমকির কারণে তিনি নির্বিঘ্নে নির্বাচনী কার্যক্রম চালাতে পারছেন না। বিনা বাধায় কর্মী-সমর্থকদের নিয়ে কাজ করার সুবিধার্থে নিরাপত্তা প্রদান, ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ তৈরি ও আসামিদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।জেলা নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কাপাসিয়া থানার ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দেওয়া হয়েছে।কাপাসিয়া থানার ওসি দেলোয়ার হোসেন জানান, ১০ সেপ্টেম্বর কাপাসিয়া বাজার এলাকায় গণসংযোগের সময় আফসারউদ্দীনের কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছিল। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।প্রার্থীদের গণসংযোগ: স্বতন্ত্র প্রার্থী আফসারউদ্দীন আহমদ খান গতকাল বাড়িষাব, দরিদিয়া ও বলদা এলাকায় নির্বাচনী প্রচারণা চালান। কমিউনিস্ট প্রার্টির প্রার্থী আসাদুল্লাহ বাদল গতকাল দিনভর ত্রিমোহনী বাজার, দারগার টেক, ঘাঘটিয়াচালা, বাড়িষাব, গিয়াসপুর বাজার, আমরাইদসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।প্রার্থীদের হলফনামা প্রকাশ: কাপাসিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) মিলনায়তনে গতকাল সংবাদ সম্মেলন করে প্রার্থীদের নির্বাচনী হলফনামা প্রকাশ করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার লিখিতভাবে প্রার্থীদের তথ্য প্রকাশ করেন। এতে বলা হয়েছে, স্বতন্ত্র প্রার্থী আফসারউদ্দীন আহমদ খান স্নাতক, মোহাম্মদ আসাদুল্লাহ স্নাতকোত্তর এবং সিমিন হোসেন উচ্চমাধ্যমিক পাস করেছেন। পেশাগতভাবে আফসারউদ্দীন আহমদ খান ও মোহাম্মদ আসাদুল্লাহ আইনজীবী এবং সিমিন হোসেন ব্যবসায়ী।সম্পদের বিবরণীতে দেখা গেছে, সিমিন হোসেনের স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ এক কোটি তিন লাখ ৯৫ হাজার ৬২৩ টাকা। আফসারউদ্দীন আহমদ খান ও মোহাম্মদ আসাদুল্লাহর সম্পদের পরিমাণ যথাক্রমে ৬৭ লাখ ১৫ হাজার এবং ৩৪ লাখ ৬৩ হাজার ৩৪৪ টাকা। সিমিন হোসেন ব্যবসাপ্রতিষ্ঠানের পরিচালক হিসেবে সোনালী ব্যাংক থেকে ১৫ কোটি টাকা ঋণ নিয়েছেন। অপর দুই প্রার্থীর কোনো দায় নেই।