মন্ত্রিপরিষদ ও মুখ্য সচিবসহ সাত সচিব পদে রদবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রিপরিষদ সচিবসহ জনপ্রশাসনের গুরুত্বপূর্ণ সাত সচিবের পদে রদবদল করা হয়েছে। এর মধ্যে জনপ্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ মন্ত্রিপরিষদ সচিব করা হয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞাকে। তিনি আবদুল আজিজের স্থলাভিষিক্ত হলেন। চুক্তিতে থাকা আবদুল আজিজের শেষ কর্মদিবস দিবস ছিল গত বৃহস্পতিবার।পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব শেখ মো. ওয়াহিদ-উজ-জামানকে করা হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব। তিনি সদ্য বিদায়ী মুখ্য সচিব মো. আবদুল করিমের স্থলাভিষিক্ত হলেন। চুক্তিতে থাকা আবদুল করিমের মেয়াদও শেষ হয় গত বৃহস্পতিবার। কয়েক দিন ধরে গুরুত্বপূর্ণ এ দুটি পদ শূন্য ছিল। গতকাল রোববার সচিব পদে রদবদলের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।এ আদেশ অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ইকবাল মাহমুদকে করা হয়েছে ইআরডি সচিব। তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদারকে। স্বরাষ্ট্রসচিব করা হয়েছে পরিকল্পনা বিভাগের সচিব মনজুর হোসেনকে। এ ছাড়া বিসিএস প্রশাসন একাডেমির মহাপরিচালক (সচিব) ফজলে কবিরকে রেলপথ বিভাগের সচিব এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ভূঁইয়া সফিকুল ইসলামকে পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। নতুন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা প্রশাসনের ১৯৮১ ব্যাচের কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ইআরডি সচিব হওয়ার আগে তিনি প্রাথমিক ও গণশিক্ষা সচিব, পেট্রোবাংলার চেয়ারম্যানসহ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। প্রধানমন্ত্রীর নতুন মুখ্যসচিব শেখ মো. ওয়াহিদ-উজ-জামান ১৯৭৯ ব্যাচে প্রশাসনে যোগ দেন। মুক্তিযোদ্ধা কর্মকর্তা হিসেবে তিনি চাকরিতে দুই বছর বেশি সময় পেয়েছেন।