মন্ত্রিপরিষদের সচিবসহ ১৩ জনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রিপরিষদের সচিবসহ ১৩ জনের বিরুদ্ধে গতকাল সোমবার আদালত অবমাননার মামলা হয়েছে। যৌন হয়রানি রোধে উচ্চ আদালতের দিকনির্দেশনামূলক রায় উপেক্ষা করার অভিযোগে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির পক্ষ থেকে আইনজীবী ফাওজিয়া করিম হাইকোর্টে এ মামলা করেন। বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি এ টি এম ফজলে কবীরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে আজ মঙ্গলবার এ বিষয়ে শুনানি হতে পারে।মামলার বিবাদীরা হলেন মন্ত্রিপরিষদের সচিব, আইনসচিব, শিক্ষাসচিব, তথ্যসচিব, যোগাযোগসচিব, মহিলা ও শিশুবিষয়ক-সচিব, শ্রমসচিব, বিজিএমইএর সভাপতি, বিকেএমইএর সভাপতি, আইজিপি, বিটিভির মহাপরিচালক এবং বাংলাদেশ বার ভাইস কাউন্সিলের চেয়ারম্যান। এতে শীর্ষ সচিবসহ ১৩ জনের প্রতি আদালত অবমাননার রুল জারির আরজি জানানো হয়।ফাওজিয়া করিম প্রথম আলোকে বলেন, গত বছরের ১৪ মে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ যৌন হয়রানি রোধে দিকনির্দেশনামূলক রায় দেন। জাতীয় সংসদে যতদিন পর্যন্ত এ বিষয়ে আইন প্রণয়ন করা না হয়, ততদিন পর্যন্ত সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে আদালত ওই রায় অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। কয়েকটি প্রতিষ্ঠান এ নির্দেশনা বাস্তবায়ন করলেও অপর বিবাদীরা রায় বাস্তবায়নে পদক্ষেপ নেননি।