মন্ত্রিসভা আচরণবিধি অক্ষরে অক্ষরে মানবে: কামরুল

নির্বাচনকালীন মন্ত্রিসভা নির্বাচনী আচরণবিধি অক্ষরে অক্ষরে মেনে চলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। তিনি জানান, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড গড়ার সর্বোচ্চ চেষ্টা করবে সরকার।
আজ শনিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় কামরুল এসব কথা বলেন।
বিরোধী দলকে সংঘাতের পথ পরিহার করে নির্বাচনের পথে আসার আহ্বান জানিয়ে কামরুল ইসলাম বলেন, আপনাদের জনপ্রিয়তা যাচাইয়ের একটি মাত্র পথ নির্বাচন। নির্বাচনে অংশ নিন। জনগণ যাদের ভোট দেয়, তারাই সরকার গঠন করবে। জনগণ যাকে চায়, তিনিই প্রধানমন্ত্রী হবেন। সংঘাত কোনো সংকটের সমাধান হতে পারে না।
নির্বাচন কমিশনকে সহায়তা করাই নির্বাচনকালীন সর্বদলীয় মন্ত্রিসভার মূল লক্ষ্য উল্লেখ করে কামরুল ইসলাম বলেন, ‘আমরা একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। নির্বাচন করবে নির্বাচন কমিশন। আমরা শুধু তাদের সহায়তা করব। নির্বাচন কমিশনকে সহায়তা করাই নির্বাচনকালীন সর্বদলীয় মন্ত্রিসভার মূল লক্ষ্য।’
তিনি বলেন, নির্বাচনের পরিবেশও সৃষ্টি হয়েছে। দেশবাসী নির্বাচন চায়। নির্বাচনকালীন সর্বদলীয় মন্ত্রিসভাও গঠন করা হয়েছে। কামরুল ইসলাম বলেন, ‘নির্বাচনে কারচুপি করার কোনো ইচ্ছে আমাদের নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন, তিনি কারচুপির নির্বাচন চান না।’
নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশ অচল করে দেওয়া হবে—বিরোধী দলের নেতাদের এমন হুমকির বিষয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, ‘আমরা বলতে চাই যেদিন তফসিল ঘোষণা করা হবে, সেদিন থেকে সারা দেশে নৌকা ছাড়া আর কোনো আওয়াজ থাকবে না।’
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে বর্ধিত সভায় আরও বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।