সরকারি আদেশের অসম্পূর্ণ ব্যাখ্যা দিয়ে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিকে পাশ কাটিয়ে চারটি গ্যাস উত্তোলন কূপ খননের কাজ দেওয়া হয়েছে একটি বিদেশি কোম্পানিকে। এ কাজের নির্ধারিত ব্যয় ৪৫০ কোটি টাকা। অথচ সাধারণভাবে ৫০ কোটি টাকার বেশি ব্যয়ের প্রকল্প হলেই মন্ত্রিসভা কমিটির অনুমোদন নিতে হয়।
এ ছাড়া তিতাস গ্যাসক্ষেত্রে ওই চারটি কূপ খনন করা হচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঋণ-সহায়তায়। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র বলেছে, সরকারি ক্রয়নীতি অনুযায়ী এ ধরনের ঋণ-সহায়তায় বাস্তবায়িত প্রকল্পে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন অপরিহার্য। এই চারটি কূপ খননের কাজ দেওয়ার ক্ষেত্রে এ নিয়মও অনুসরণ করা হয়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৯৪ সালের কোম্পানি আইনে পরিচালিত সরকারি খাতের বাংলাদেশ গ্যাসফিল্ডস কোম্পানি (বিজিএফসিএল) তিতাস গ্যাসক্ষেত্র পরিচালনা করে। ওই চারটি কূপ খননের কাজ দেওয়ার ক্ষেত্রে ওই কোম্পানির পরিচালনা বোর্ড ২০০৩ সালের ৮ জুন প্রকাশিত সরকারি গেজেট অনুসরণ করেছে।
এ বিষয়ে জানতে চাইলে জ্বালানিসচিব মো. আবু বকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, ওই গেজেটে পেট্রোবাংলার অধীন কোম্পানিগুলোর (বিজিএফসিএলও যার অন্যতম) পরিচালনা বোর্ডকে পূর্ণ প্রশাসনিক ও আর্থিক স্বায়ত্তশাসন দেওয়া হয়েছে। কাজেই চারটি কূপ খননের বিষয়ে বোর্ডই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে। ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন প্রয়োজন হয় না।
তবে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জালাল আহমেদ প্রথম আলোকে বলেন, কোম্পানি আইনে পরিচালিত সংস্থাগুলোর নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পের জন্য ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন দরকার নেই। কিন্তু সরকারি বা বিশ্বব্যাংক, এডিবির মতো কোনো সংস্থার ঋণ-সহায়তায় প্রকল্প বাস্তবায়ন করতে হলে মন্ত্রিসভা কমিটির অনুমোদন অপরিহার্য। কারণ, কার্যত ওই ঋণের নিশ্চয়তা (সভরেইন গ্যারান্টি) প্রদানকারী হচ্ছে সরকার।
বিজিএফসিএল সূত্র জানায়, সরকারি আদেশের এই ব্যাখ্যা এখন তাদেরও গোচরে এসেছে। কিন্তু ইতিমধ্যে সংশ্লিষ্ট কোম্পানিকে (চীনের ‘সিনো পেক’) কার্যাদেশ দেওয়া হয়ে গেছে। এ অবস্থায় কী করা যায়, তা নিয়ে আলোচনা চলছে।
সূত্র আরও জানায়, আসলে এ চারটি কূপ খননের জন্য এডিবির ঋণ নেওয়ার কোনো দরকার ছিল না। কারণ, তাদের কোম্পানির তহবিলেই প্রচুর অর্থ পড়ে আছে। অবশ্য তা সত্ত্বেও কোনো উন্নয়নকাজের প্রশ্ন উঠলেই ঋণ নেওয়ার প্রবণতা অনেক দিনের। পেট্রোবাংলার তহবিলেও বিপুল পরিমাণ অর্থ আছে। পেট্রোবাংলার অধীন যেকোনো কোম্পানির এ ধরনের উন্নয়নকাজে সেই অর্থও বিনিয়োগ করা যায়। তা ছাড়া এই চারটি কূপ খননের কাজে বিদেশি কোম্পানি নিয়োগ করাও অপ্রয়োজনীয়। রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধানকারী কোম্পানি বাপেক্সই সুষ্ঠুভাবে এ কাজ করতে সক্ষম। আগামী ফেব্রুয়ারির পর বাপেক্সের হাতে কূপ খননের তেমন কোনো কাজও থাকছে না। তাই বাপেক্সের খননযন্ত্র (রিগ) অলস পড়ে থাকবে। কাজটি নিজস্ব অর্থায়নে বাপেক্সের মাধ্যমে করলে ব্যয়ও কম হতো।
তবে এডিবির ঋণে এ প্রকল্প বাস্তবায়িত হলে তাতে বাপেক্সের অংশগ্রহণের সুযোগ নেই। ঋণের শর্তেই বলে দেওয়া হয়েছে, বাপেক্স এ কাজের দরপত্রে অংশ নিতে পারবে না।