মন্ত্রিসভা কমিটির প্রথম বৈঠক আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগরের বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) পর্যালোচনা করে তা চূড়ান্ত করতে গঠিত মন্ত্রিসভা কমিটির প্রথম বৈঠক আজ বুধবার। দুপুরে গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রিসভা কমিটির সাতজন সদস্য ছাড়াও ড্যাপ পর্যালোচনা কমিটির প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।বৈঠকের প্রস্তুতি হিসেবে গতকাল বিকেলে গণর্পূত মন্ত্রণালয়ে এ-সংক্রান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বলা হয়, বৈঠকে ড্যাপ প্রণয়নের প্রেক্ষাপট, উদ্দেশ্যসহ ড্যাপ বিষয়ে এ পর্যন্ত নেওয়া সব পদক্ষেপের কথা তুলে ধরা হবে। জানতে চাইলে রাজউকের চেয়ারম্যান নুরুল হুদা প্রথম আলোকে বলেন, ড্যাপের উপস্থাপনায় কী কী বিষয় রাখা হবে তা ঠিক করতেই এই প্রস্তুতি সভা। রাজউকের পক্ষ থেকে কোনো পরিবর্তন বা সুপারিশ রাখা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, মন্ত্রিসভা কমিটি যে সুপারিশ করবে তা বিবেচনা ও পর্যালোচনা করে ড্যাপ চূড়ান্ত করা হবে।সূত্র জানায়, বৈঠকে উপস্থাপনায় বলা হবে, ড্যাপ প্রণয়ন করতে দীর্ঘ সময় ব্যয় হয়েছে। স্ট্রাকচার ও নগরায়ণ পরিকল্পনা ১৯৯৫ সালে প্রণীত হলেও বিশদ অঞ্চল পরিকল্পনা না থাকায় ঢাকার উন্নয়ন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। ড্যাপের প্রতিবেদন ও মানচিত্রসমূহকে জোনভিত্তিক উন্নয়নের আইনগত ভিত্তি হিসেবে বিবেচনা করতে হবে। এটি বাস্তবায়িত হলে ঢাকা মহানগরের উন্নয়নে একটি সাম্যাবস্থা তৈরি হবে। গত ২৭ জুন ড্যাপ চূড়ান্ত করতে এই কমিটি গঠন করা হয়। স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে আহ্বায়ক করে গঠিত এই কমিটিতে সদস্য হিসেবে আছেন ভূমিমন্ত্রী,পানিসম্পদমন্ত্রী, যোগাযোগমন্ত্রী, নৌ পরিবহনমন্ত্রী, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী এবং গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী।এই কমিটিকে সহায়তা করবেন পানিসম্পদসচিব, পরিবেশ ও বনসচিব, ভূমিসচিব, সড়ক ও রেলপথ বিভাগের সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব, সেতু বিভাগের সচিব এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব। এই কমিটি জনপ্রতিনিধিদের পরামর্শ, ওয়েবসাইট ও অন্যান্য মাধ্যম থেকে পাওয়া মতামত পর্যালোচনা করে ঢাকা মহানগরের বিশদ অঞ্চল পরিকল্পনা চূড়ান্ত করবে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা করবে।