মন্ত্রিসভা থেকে জাপা সদস্যদের ফিরিয়ে নিতে রওশনের প্রতি আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রিসভা থেকে জাতীয় পার্টির সদস্যদের ফিরিয়ে নেওয়ার জন্য বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বতন্ত্র সাংসদ তাহজীব আলম সিদ্দিকী। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান।
তাহজীব বলেন, ‘টিআইবি বিরোধী দলকে তথাকথিত বিরোধী দল বলায় বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ তীব্র সমালোচনা করেছেন। আমি ওনার সঙ্গে অনেকাংশেই একমত। তবে বিরোধী দলের নেতা যদি মন্ত্রী পদমর্যাদার বিশেষ দূত ও মন্ত্রিসভায় জাতীয় পার্টির তিনজন সদস্যকে প্রত্যাহার করে বক্তব্যটি দিতেন, তাহলে ব্যাপারটি জাতির কাছে আরও অনেক বেশি সুন্দর ও গ্রহণযোগ্য হতো।’ তিনি বিরোধীদলীয় নেতাকে মন্ত্রিসভা থেকে তাঁর দলের সদস্যদের ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে বলেন, বিরোধীদলীয় নেতা এমন একটি সাহসী সিদ্ধান্ত নিয়ে নতুন নজির সৃষ্টি করবেন। তিনি বলেন, ‘জাতীয় সংসদে অতীতের যেকোনো বিরোধী দলের চাইতে আমরা অনেক বেশি সোচ্চার। আমরা গালমন্দ করি না, ব্যক্তিগত ব্যাপার নিয়ে কাদা ছোড়াছুড়ি করি না। স্বতন্ত্র সংসদ সদস্যরা সংখ্যায় কম হতে পারি, তবে আমরা সবাই জাতীয় স্বার্থে সরব।’
তাহজীব আলম বলেন, ‘আমরা বিরোধিতার জন্য বিরোধিতা করি না।’ সংসদ নিয়ে মন্তব্যকারীদের উদ্দেশে তিনি বলেন, তাঁরা যেন কোনো খণ্ডিত চিত্র দেখে মন্তব্য না করেন।
স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজী অনির্ধারিত আলোচনায় প্রস্তাবিত বেসরকারি শিক্ষক নিয়োগ কমিশনের বিরোধিতা করেন। এই প্রস্তাবকে অবাস্তব এবং তা বাস্তবায়িত হলে শিক্ষার বারোটা বেজে যাবে বলে তিনি মন্তব্য করেন। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের বর্তমান ব্যবস্থা বহাল রাখার দাবি জানিয়ে বলেন, প্রয়োজনে তা সংস্কার করা যেতে পারে।
জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ রাজধানী ঢাকায় যানজট এবং মাদকের প্রসার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি এ ব্যাপারে প্রতিকার দাবি করেন। স্বতন্ত্র সাংসদ হাজি মো. সেলিমও অনির্ধারিত আলোচনায় অংশ নেন।