মন্ত্রিসভা থেকে জাপা সদস্যদের ফেরাতে রওশনের প্রতি আহ্বান
মন্ত্রিসভা থেকে জাতীয় পার্টির সদস্যদের ফিরিয়ে আনার জন্য বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বতন্ত্র সাংসদ তাহজীব আলম সিদ্দিকী। আজ মঙ্গলবার জাতীয় সংসদের এক অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
তাহজীব বলেন, টিআইবি বিরোধী দলকে তথাকথিত বিরোধী দল বলায় বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ তীব্র সমালোচনা করেছেন। আমি ওনার সঙ্গে অনেকাংশেই একমত। টিআইবি অবশ্যই সংসদের অবমাননা করেছে, সার্বভৌমত্ব ক্ষুণ্ন করেছে এবং সংসদকে পুতুলনাচের নাট্যশালা বলে চরম ধৃষ্টতাও দেখিয়েছে। তবে বিরোধী দলের নেতা যদি মন্ত্রী পদ মর্যাদার বিশেষ দূত ও মন্ত্রিসভায় জাতীয় পার্টির তিনজন সদস্যকে প্রত্যাহার করে বক্তব্যটি দিতেন, তবে ব্যাপারটি জাতির কাছে আরও অনেক বেশি সুন্দর এবং গ্রহণযোগ্য হতো। তখন টিআইবিকে তথাকথিত ট্রান্সপারেন্সি সংস্থা বলে প্রতীয়মান হতো।
বিরোধীদলীয় নেতাকে মন্ত্রিসভা থেকে তাঁর দলের সদস্যদের ফিরে আনার আহ্বান জানিয়ে স্বতন্ত্র এই সাংসদ বলেন, বিরোধীদলীয় নেতা এমন একটি সাহসী সিদ্ধান্ত নিয়ে নতুন নজির সৃষ্টি করবেন।
তাহজীব আলম সিদ্দিকী বলেন, জাতীয় সংসদে অতীতের যেকোনো বিরোধী দলের চাইতে আমরা অনেক বেশি সোচ্চার। আমরা গালমন্দ করি না, ব্যক্তিগত ব্যাপার নিয়ে কাদা ছোড়াছুড়ি করি না। স্বতন্ত্র সংসদ সদস্যরা সংখ্যায় কম হতে পারে, তবে আমরা সবাই জাতীয় স্বার্থে সরব। তিনি বলেন, আমার বিরোধিতার জন্য বিরোধিতা করি না। আমরা জাতীয় স্বার্থে উচ্চকিত করার জন্য শপথবদ্ধ এবং জাতীয় স্বার্থে জনগণের কাছে সম্পূর্ণ ভাবে দায়বদ্ধ। আমদের বিদেশি কোনো সুতোর টানও নেই, বিদেশি কোন প্রভু নেই। জনগণই আমাদের সকল শক্তি ও প্রেরণার উৎস।
সংসদ নিয়ে মন্তব্যকারীদের উদ্দেশে তাহজীব আলম সিদ্দিকী বলেন, তারা যেন কোনো খণ্ডিত চিত্র দেখে মন্তব্য না করেন।
স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজী সাংসদ অনির্ধারিত আলোচনায় প্রস্তাবিত বেসরকারি শিক্ষক নিয়োগ কমিশনের বিরোধিতা করেন। এ প্রস্তাবকে অবাস্তব এবং তা বাস্তবায়ন হলে শিক্ষার বারটা বেজে যাবে বলে তিনি মন্তব্য করেন। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের বর্তমান ব্যবস্থা বহাল রাখার দাবি জানিয়ে বলেন, প্রয়োজনে তা সংস্কার করা যেতে পারে। জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ রাজধানী ঢাকায় যানজট এবং মাদকের প্রসারের জন ক্ষোভ প্রকাশ করেন। এ ব্যাপারে প্রতিকার তিনি দাবি করেন। স্বতন্ত্র সাংসদ হাজী সেলিমও অনির্ধারিত আলোচনায় অংশ নেন।