মন্ত্রিসভা থেকে জাপার সদস্যদের পদত্যাগের সিদ্ধান্ত হয়নি
জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, মন্ত্রিসভা থেকে জাতীয় পার্টির সদস্যদের পদত্যাগের কোনো সিদ্ধান্ত হয়নি। এ নিয়ে আলোচনা হয়েছে। আজ বুধবার সচিবালয়ে জাতীয় পানিসম্পদ পরিষদের নির্বাহী কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আনিসুল ইসলাম মাহমুদ এ কথা বলেন।
আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘আমি জাতীয় পার্টির চেয়ারম্যানের (এইচ এম এরশাদ) পক্ষ থেকে বলছি, পার্টির চেয়ারম্যান কোনো সিদ্ধান্তের কথা বলেননি। আর আলোচনা তো কত কিছুই হয়। এ আলোচনা নিয়ে এত লেখালিখির কী আছে?’
কিছুদিন আগে জাতীয় পার্টির বৈঠকে মন্ত্রিসভা থেকে দলটির সদস্যদের পদত্যাগের বিষয়ে এইচ এম এরশাদ ও রওশন এরশাদ সম্মত হন বলে জানা যায়।
পানিসম্পদমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে তিস্তা চুক্তির বিষয়ে তাঁরা আশাবাদী। তিনি বলেন, ‘যেহেতু ভারতের একজন প্রধানমন্ত্রী বাংলাদেশে এসে প্রকাশ্যে বলে গেছেন, তাই আমি মনে করি, ভারত সে কথা রাখবে।’
মন্ত্রী বলেন, গঙ্গা ব্যারেজ করার বিষয়েও আলোচনা চলছে। এতে শুধু বাংলাদেশেরই নয়, ভারতেরও লাভ হবে।