মন্ত্রিসভা থেকে বাদ পড়ার কারণ খুঁজছেন তাঁরা
অবৈধ সম্পদ অর্জন, দুর্নীতি, স্বজনপ্রীতি, নেতা-কর্মীদের সঙ্গে দূরত্ব ও দুর্ব্যবহার, দলাদলি করে প্রভাব বিস্তার, গণমাধ্যমে অতিকথন এবং সর্বোপরি নতুনদের জায়গা দিতেই সদ্য গঠিত মন্ত্রিসভায় জায়গা হয়নি গত মন্ত্রিসভার ৩৪ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর। প্রধানমন্ত্রীর কার্যালয় ও আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে কথা বলে এমনই মন্তব্য পাওয়া গেছে।
এ বিষয়ে গতকাল রোববার বঙ্গভবনে মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘এটা শেখ হাসিনার মন্ত্রিসভা। এখানে কাজ না করলে স্থান পাওয়া যাবে না।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায় ‘প্রথম আলো’কে বলেন, ‘নবীন-প্রবীণের সমন্বয়ে মন্ত্রিপরিষদ হয়েছে। আশা করি, এই মন্ত্রিপরিষদ গত মন্ত্রিপরিষদের চেয়ে ভালো করবে।’ তিনি আরও বলেন, ‘রাজনৈতিক কারণেই হয়তো আগের অনেকেই বাদ পড়েছেন।’
বাদ পড়া মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন মন্ত্রিসভায় স্থান না পাওয়ায় কেউ কেউ ভীষণ ক্ষুব্ধ। তাঁদের অনেকেরই মন খুবই খারাপ। তবে এ ব্যাপারে গণমাধ্যমে প্রকাশ্যে কথা বলতে চাননি তারা। এখন তাঁরা বাদ পড়ার কারণ খুঁজছেন। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন সময় ওঠা অভিযোগকে এখনো ভিত্তিহীন বলছেন বাদ পড়া এসব মন্ত্রী-প্রতিমন্ত্রীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, স্বাস্থ্য খাতে নিয়োগসহ বিভিন্ন অনিয়ম এবং সাতক্ষীরায় জামায়াত-শিবিরের অব্যাহত হামলায় কর্মীদের পাশা না থাকায় এবারের মন্ত্রিসভায় স্থান পাননি বহুল আলোচিত স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। মন্ত্রিপরিষদ থেকে তিনিও বাদ পড়ার কারণ খুঁজে পাচ্ছেন না। এ বিষয়ে জানতে চাইলে ‘প্রথম আলো’কে তিনি বলেন, ‘আমি তো শুধু সাতক্ষীরার মন্ত্রী না, বাংলাদেশের মন্ত্রী। সাতক্ষীরায় আওয়ামী লীগের যে কমিটি আছে, ওই কমিটির সাত সহসভাপতির মধ্যে আমি একজন। সাতক্ষীরায় যখন মিটিং হলো তখন কমিটির অন্যরা কেন এলেন না? সব দায়িত্ব আমার ঘাড়ে পড়বে কেন?’ তিনি আরও বলেন, ‘স্বাস্থ্য খাতে আমি যে উন্নয়ন করেছি, অন্য কেউ কি সেটা পেরেছে? তার পরও আমি স্বাস্থ্যমন্ত্রী নাসিম সাহেবের সঙ্গে দেখা করেছি। কোনো সহযোগিতার প্রয়োজন হলে আমি দিতে রাজি হয়েছি।’
খোঁজ নিয়ে জানা গেছে, কোনো কারণ ছাড়াই শুধু সংগঠনকে শক্তিশালী করার জন্য এবারের মন্ত্রিপরিষদে জায়গা দেওয়া হয়নি কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রীকে। এর মধ্যে অন্যতম হলেন সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।
প্রধানমন্ত্রী কার্যালয়ের একজন কর্মকর্তা ‘প্রথম আলো’ক বলেন, ‘আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে নানক ভাইকে মন্ত্রিত্বের বাইরে রাখা হয়েছে।’
খাদ্য মন্ত্রণালয়ে নিয়োগ কেলেঙ্কারিতে আব্দুর রাজ্জাকের জড়িত থাকার বিষয়ে গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছিল। মনে করা হচ্ছে এবারের মন্ত্রিসভায় এ কারণেই বাদ পড়েছেন তিনি। তবে আব্দুর রাজ্জাক মন্ত্রী থেকে বাদ পড়ার কারণ খুঁজে পাচ্ছেন না। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি যেভাবে আমার মন্ত্রণালয় চালিয়েছি, কেউ কোনো অভিযোগ তুলতে পারেনি। আমি যে সফল সেটা কেউ অস্বীকার করতে পারবে না। তার পরও কেন আমাকে রাখা হলো না বুঝতে পারছি না।’ তিনি বলেন, ‘বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, এটা আমার অবদান। ভিয়েতনামের সঙ্গে যোগাযোগ করে জরুরি ভিত্তিতে খাদ্য আমদানি না করলে বাংলাদেশ আরেকটা ’৭৪ হতো। গত পাঁচ বছরে পাঁচ টাকাও খাইনি। শতভাগ নিষ্ঠার সঙ্গে কাজ করেছি। এক কাঠা জমি কিংবা এক ভরি স্বর্ণ কিনিনি।’
নতুন মন্ত্রিসভাকে স্বাগত জানিয়ে সাবেক বিমান ও পর্যটনমন্ত্রী ফারুক খান ‘প্রথম আলো’কে বলেন, ‘প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় না নিয়ে হয়তো অন্য কোনো জায়গায় আমাদের কাজে লাগাবেন। হয়তো সংগঠনের জন্য কাজ করাবেন।’
প্রধানমন্ত্রীর কার্যালয়ের কয়েকটি সূত্র জানায়, অবৈধ সম্পদ অর্জন এবং অতিকথনের অভিযোগে হাছান মাহমুদ, অতিকথনের দায়ে মহীউদ্দীন খান আলমগীর, সাহারা খাতুন, শামসুল হক টুকু, রেল কেলেঙ্কারির অভিযোগে সুরঞ্জিত সেনগুপ্ত, ঘন ঘন বিদেশ সফর করেও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে আশানুরূপভাবে তুলে ধরতে না পারার কারণে দীপু মনি, নিজ সংসদীয় এলাকায় জনপ্রিয় পৌর মেয়র লোকমানের হত্যাকাণ্ড ও বিভিন্ন অনিয়মের অভিযোগে রাজি উদ্দিন আহমেদ রাজু, স্বাস্থ্য ক্ষেত্রে অনিয়মে কারণে মুজিবুর রহমান ফকির, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আবদুল মান্নান খান, মোতাহার হোসেন, আহাদ আলী সরকার, মাহবুবুর রহমান, মুহাম্মদ এনামুল হকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে দলীয় ও গোয়েন্দাদের কাছ থেকে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
নতুনদের জায়গা দিতে বাদ যাঁরা
নতুন জায়গা দিতে রাজনৈতিক কারণেই বাদ পড়েছেন আফসারুল আমীন, আবদুল লতিফ বিশ্বাস, রেজাউল করিম হীরা, মোস্তফা ফারুক মোহাম্মদ, মন্নুজান সুফিয়ান, এ বি তাজুল ইসলাম, শাহজাহান মিয়া ও দীপঙ্কর তালুকদার।
এ ছাড়া বয়সজনিত কারণে এ কে খন্দকার, এনামুল হক মোস্তফা শহীদ, রমেশ চন্দ্র সেন ও রেজাউল করিম হীরা বাদ পড়েছেন।