মন্ত্রিসভা পুনর্গঠনে নির্দেশনা দেননি প্রধানমন্ত্রী: মন্ত্রিপরিষদ সচিব
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা জানিয়েছেন, মন্ত্রিসভা কবে পুনর্গঠিত হবে, এ বিষয়ে প্রধানমন্ত্রী এখনো কোনো নির্দেশনা দেননি। তবে মন্ত্রীদের পদত্যাগপত্র পাননি তিনি।
আজ রোববার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ কথা জানান।
বেলা পৌনে ১১টায় মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। বৈঠক শেষে বেলা সোয়া একটার দিকে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব।
মন্ত্রিসভার আজকের বৈঠকে মাতৃভাষা ইনস্টিটিউট সংশোধিত আইন-২০১৩ এবং প্রবীণ নীতিমালা-২০১৩ পাস হয়েছে।
১১ নভেম্বর মন্ত্রিসভার সদস্যরা একযোগে পদত্যাগপত্র জমা দিয়েছেন। সংবিধান অনুযায়ী কোনো মন্ত্রী পদত্যাগ করামাত্রই তা কার্যকর হওয়ার কথা। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সর্বদলীয় সরকার গঠনের পথ সুগম করতে মন্ত্রীরা এ পদক্ষেপ নিয়েছেন। প্রধানমন্ত্রী পদত্যাগপত্র গ্রহণ করে রাষ্ট্রপতির কাছে না পাঠানো পর্যন্ত তাঁরা দাপ্তরিক ও নির্বাহী দায়িত্ব পালন করে যাবেন।