মন্ত্রিসভা পুনর্গঠনের ইঙ্গিত অর্থমন্ত্রীর

মন্ত্রিপরিষদে আরও পরিবর্তনের ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ শুক্রবার দুপুরে সিলেটের চৌহাট্টায় বোলানন্দ নৈশ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
মন্ত্রিসভায় রদবদল প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী বলেন, ‘নতুন করে পরিবর্তন হচ্ছে কিনা সেটা বলা মুশকিল। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন হাত দিয়েছেন তখন দেখা যাক কী হয়। একটু পুনর্গঠন হবে, তবে কীভাবে হবে বলা মুশকিল।’
মন্ত্রণালয় থেকে অব্যাহতি দেওয়া হলেও সৈয়দ আশরাফুল দলীয় পদে বহাল থাকবেন বলে জানান দলের উপদেষ্টামণ্ডলীর এই সদস্য। সৈয়দ আশরাফুল ইসলামকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি আগে থেকে তিনিসহ অনেকেই জানতেন বলে উল্লেখ করেন আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী বলেন, ‘মন্ত্রিপরিষদের এই পরিবর্তনে স্থানীয় সরকার মন্ত্রণালয় আরও গতিশীল হবে।’
দলের সাধারণ সম্পাদক হওয়ার সময় সৈয়দ আশরাফুলকে দপ্তরবিহীন মন্ত্রী করার একটি প্রস্তাব ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী এত দিন পর ওই প্রস্তাবই রূপায়ণ করেছেন।’