মন্ত্রিসভা যে কাজ করতে পারে প্রমাণিত হয়েছে: প্রধানমন্ত্রী
‘মন্ত্রিসভা যে কাজ করতে পারে, তা প্রমাণ করতে সক্ষম হয়েছি। সরকার গঠনের পর মন্ত্রিসভাকে কচি-কাঁচার আসর বলে মন্তব্য শুনতে হয়েছে। তখন বয়স্ক মন্ত্রীদের বলেছি, আপনাদের বয়স কমিয়ে দিয়েছে। নতুন উদ্যোগে কাজ করুন।’বাংলাদেশের সমুদ্রসীমা জয়ে গতকাল বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এফবিসিসিআই আয়োজিত দেওয়া সংবর্ধনার জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সবাই দাঁড়িয়ে করতালির মাধ্যমে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ প্রধানমন্ত্রীর হাতে ফুলের তোড়া তুলে দেন। বাংলাদেশের সমুদ্রসীমার মানচিত্র-সংবলিত একটি ক্রেস্ট তুলে দেন সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি জসীম উদ্দিন। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকেও ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানানো হয়।প্রধানমন্ত্রী বলেন, সমুদ্রজয়ের ফলে দেশের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিপুল সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো। তিনি বলেন, সমুদ্র নিয়ে মামলা হলেও দুই প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমারের সঙ্গে সম্পর্কের অবনতি হয়নি। দুই বন্ধুপ্রতিম দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় আছে। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালেই বঙ্গোপসাগরের ওপর অধিকার প্রতিষ্ঠায় পদক্ষেপ নেন। তিনি ১৯৭৪ সালের টেরিটরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোন আইন প্রণয়ন করেন। দক্ষিণ এশিয়ার কোনো দেশেই তখন সমুদ্র-সংক্রান্ত কোনো আইন ছিল না। ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর অনেক কিছুর সঙ্গে বঙ্গোপসাগরের ওপর বাংলাদেশের ওপর অধিকার প্রতিষ্ঠার বিষয়টিও স্থবির হয়ে পড়ে।শেখ হাসিনা বলেন, ‘১৯৯৬ সালে ক্ষমতায় এসে আমরা সমুদ্র আইন-সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশনে অনুস্বাক্ষর করি। ২০০৯ সালে ক্ষমতায় এসে দ্রুততার সঙ্গে তথ্য-উপাত্ত সংগ্রহ করি। আন্তর্জাতিক আদালতে মিয়ানমার ও ভারতের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করি। ফলে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত এবং এরপর মহীসোপান এলাকায় বাংলাদেশের নিরঙ্কুশ অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। বঙ্গোপসাগরে এক লাখ ১১ হাজার বর্গকিলোমিটার এলাকা এখন আমাদের নিয়ন্ত্রণে।’প্রধানমন্ত্রী বলেন, ‘সমুদ্রসীমা নির্ধারণের আগেই গ্যাস ব্লকের দরপত্র আহ্বান করা হলো। এতে মাত্র একটি ব্লকের পূর্ণাঙ্গ, অপরটির আংশিক নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের। কেন অবিবেচকের মতো এমনটা করা হলো?’ তিনি বলেন, সমুদ্র গবেষণা ইনস্টিটিউট করা হবে। এরই মধ্যে বাপেক্সকে শক্তিশালী করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ‘সংবর্ধনা আমার জন্য নয়, এটা দেশের মানুষের প্রাপ্য।’পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, ‘আলোচনার দরজা খোলা রেখেই দুই প্রতিবেশীর সঙ্গে বিরোধ নিরসনে আদালতে গিয়েছি।’ তিনি বলেন, ১৯৯১ থেকে ১৯৯৬ এবং ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকার সমুদ্র নিয়ে কোনো কিছু করেনি। ১৯৯৭ সালে আওয়ামী লীগ সরকার আন্তর্জাতিক কনভেনশনে অনুস্বাক্ষরের পরও যদি তারা আলোচনা চালিয়ে যেত, তাহলে আজকের এই গৌরবের তারাও ভাগীদার হতে পারত।সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী বলেন, সমুদ্রসীমা নির্ধারণে পূর্ববর্তী সরকারগুলো কোনো পদক্ষেপ নেয়নি। ২০০৫ সালে তৎকালীন সরকার সমুদ্রে একতরফা ২৮টি ব্লক ঘোষণা করে। কিন্তু ভারত ১০টি ও মিয়ানমার ১৭টি দাবি করে বসে। তিনি বলেন, ‘একাত্তরের মার্চে বঙ্গবন্ধুর নেতৃত্বে একটি বাংলাদেশ পেয়েছি। ৪০ বছর পর আরেক মার্চে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আরেকটি ভাসমান বাংলাদেশ পাওয়া গেল। এই সমুদ্রজয় উদ্যাপন করা উচিত। দুঃখের বিষয়, এ নিয়ে বিরোধী দল তিক্ততার সৃষ্টি করছে।’সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অপর উপদেষ্টা জামিলুর রেজা চৌধুরী বলেন, অনেকে যা বলছেন, কিছু কিছু জায়গায় বাংলাদেশের পরাজয় হয়েছে—এটা ঠিক নয়। তিনি বলেন, তথ্যাদি আদালতে জমা দেওয়া পর্যন্ত গোপনীয়তা রক্ষা করা হয়েছে। এটা বড় অর্জন। আশা করা যায়, ২০১৪ সালে ভারতের সঙ্গে মামলায় বাংলাদেশের পক্ষে রায়ও পাওয়া যাবে।অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন দৈনিক ইনডিপেনডেন্ট-এর সম্পাদক মাহবুবুল আলম, সালমান এফ রহমান, অতিরিক্ত পররাষ্ট্রসচিব খোরশেদ আলম ও এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ।