মন্ত্রিসভায় বিআইডিএস আইনের খসড়া অনুমোদন
মন্ত্রিসভা আজ সোমবার বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান আইন-২০১৫-এর খসড়া অনুমোদন করেছে। উন্নয়ন বিষয়ে গবেষণার ক্ষেত্রে সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করাই এই আইনের উদ্দেশ্য।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, মন্ত্রিসভা আইন মন্ত্রণালয়ের ভেটিং সাপেক্ষে খসড়াটির অনুমোদন দিয়েছে। তিনি বলেন, এটি মূলত বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) অ্যাক্ট-১৯৭৪-এর আপডেটেড বাংলা ভার্সন। তিনি আরও বলেন, নতুন আইনে বিগত দিনের সব সংশোধনী ও অধ্যাদেশ সন্নিবেশিত হবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশনার আলোকে আইনটি বাংলায় করা হয়েছে। আদালত ১৯৭৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত দুটি সামরিক সরকারের সময়ে প্রণীত সব আইন ও অধ্যাদেশ বাতিল করে দিয়েছেন।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) একটি স্বায়ত্তশাসিত পাবলিক মাল্টি ডিসিপ্লিনারি অরগানাইজেশন। বাংলাদেশ ও অন্যান্য উন্নয়নশীল দেশের জন্য উন্নয়ন ইস্যুতে নীতিনির্ধারণী গবেষণা পরিচালনা করে।
মন্ত্রিসভার বৈঠকে গত ২৫ থেকে ২৮ নভেম্বর তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থার অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা-বিষয়ক বৈঠকে বাণিজ্যমন্ত্রীর অংশগ্রহণ সম্পর্কে অবহিত করা হয়।
এ ছাড়া আজকের বৈঠকে গত ২৪ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিসটিক-সংক্রান্ত মন্ত্রী পর্যায়ের সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের অংশগ্রহণ সংক্রান্ত প্রতিবেদন পেশ করা হয়।