মন্ত্রিসভায় বেতনকাঠামো উঠবে সেপ্টেম্বরে, বললেন অর্থমন্ত্রী

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামোর চূড়ান্ত প্রতিবেদন মন্ত্রিসভার বৈঠকে চলতি মাসে নয়, আগামী সেপ্টেম্বরে তোলা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আজ রোববার সচিবালয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্বাহী পরিচালক রাকেশ মোহনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা জানান।
টাইমস্কেল ও সিলেকশন গ্রেডে সংস্কার আনা হচ্ছে বলে আভাস দিয়েছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, নতুন কাঠামোতে কিছু পরিবর্তন আনা হবে। আর এটি মন্ত্রিসভার বৈঠকে তোলা হবে আগামী সেপ্টেম্বর মাসে।
গত ২৭ জুলাই অর্থমন্ত্রী বলেছিলেন, নতুন বেতনকাঠামো চূড়ান্ত অনুমোদনের জন্য আগামী সোমবার (৩ আগস্ট) মন্ত্রিসভায় উঠবে। চলতি মাসের শুরুতেও তিনি জানিয়েছিলেন, আগস্টের মধ্যেই নতুন বেতনকাঠামোর প্রতিবেদন মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। অথচ আজ বললেন, সেপ্টেম্বরে এটি মন্ত্রিসভার বৈঠকে তোলা হবে।
প্রস্তাবিত নতুন কাঠামো হুবহু কার্যকর করা হলে ক্ষতির শিকার হতে পারেন-এমন কর্মকর্তা ও কর্মচারীরা নতুন কাঠামোতে টাইমস্কেল ও সিলেকশন গ্রেড বহাল রাখার দাবি জানিয়ে আসছেন। টাইমস্কেল ও সিলেকশন গ্রেড বাতিলের সুপারিশ করে মোহাম্মদ ফরাসউদ্দিন কমিশন এবং এর পরে সচিব কমিটিও।
এদিকে আলাদা বেতন কাঠামোর দাবি জানিয়ে আন্দোলন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিগুলোর জোট বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন এ জন্য চার দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন।
তবে অর্থমন্ত্রী সম্প্রতি অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) অনুষ্ঠিত এক বৈঠক শেষে মন্তব্য করেছিলেন, টাইমস্কেল ও সিলেকশন গ্রেড বাতিলের আগে বিষয়টি আরও গভীরভাবে দেখতে হবে। এরপর আজই টাইমস্কেল ও সিলেকশন গ্রেডে সংস্কারের কথা বললেন মুহিত।
কাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামোর চূড়ান্ত প্রতিবেদন উঠছে কি না-জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘না, না, না। এটি তো তৈরিই হয়নি।’ তবে সেপ্টেম্বরের মধ্যে এটি মন্ত্রিসভায় তোলা হবে বলে আশ্বাস দেন তিনি।
সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ঈদুল আজহা। অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, ঈদের আগে আগামী ২২ সেপ্টেম্বর অর্থমন্ত্রী রাষ্ট্রীয় কাজে মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন।