মন্ত্রিসভায় 'একটু পুনর্গঠন হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘একটু পুনর্গঠন হবে...’ বলে মন্ত্রিপরিষদে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল শুক্রবার সিলেটে সাংবাদিকদের তিনি বলেন, ‘নতুন করে পরিবর্তন হচ্ছে কি না, সেটা বলা মুশকিল। তবে প্রধানমন্ত্রী যখন হাত দিয়েছেন তখন দেখা যাক কী হয়। একটু পুনর্গঠন হবে, তবে কীভাবে হবে বলা মুশকিল।’
সিলেট সিটি করপোরেশনের কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে গতকাল দুপুরে সাংবাদিকদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রণালয় থেকে অব্যাহতি দেওয়া হলেও সৈয়দ আশরাফুল ইসলাম দলীয় পদে বহাল থাকবেন বলেও জানান তিনি। সৈয়দ আশরাফুলকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি আগে থেকেই অনেকেই জানতেন জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘মন্ত্রিপরিষদের এই পরিবর্তনে স্থানীয় সরকার মন্ত্রণালয় আরও গতিশীল হবে।’
সৈয়দ আশরাফুলকে দপ্তরবিহীন মন্ত্রী করার একটি প্রস্তাব অনেক আগেই ছিল উল্লেখ করে অর্থমন্ত্রী আরও বলেন, ‘সৈয়দ আশরাফুল ইসলাম দলের সেক্রেটারি হওয়ার সময় দপ্তরবিহীন মন্ত্রী হওয়ার একটা প্রস্তাবও ছিল।’ অর্থমন্ত্রী সহাস্যে বলেন, ‘প্রধানমন্ত্রী এত দিন পর এ প্রস্তাবই রূপায়ণ করেছেন।’
সিলেট নগরের চৌহাট্টায় সিটি করপোরেশনের ভোলানন্দ নৈশ বিদ্যালয়ের চারতলাবিশিষ্ট নবনির্মিত ভবনের উদ্বোধন করেন অর্থমন্ত্রী। এ সময় সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীবসহ ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন। পরে অর্থমন্ত্রী হলদিছড়া ও কদমতলী এলাকায় সিটি করপোরেশনের নালা প্রকল্পের উদ্বোধন করে সুরমা নদীর নির্মাণাধীন কাজিরবাজার সেতু পরিদর্শন করেন।