মন্ত্রিসভার আকার বাড়ছে?
মন্ত্রিসভার আকার বাড়ছে। সরকারের উচ্চপর্যায়ের কেউ কেউ স্বল্প সময়ের মধ্যে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ হতে পারে বলে জানিয়েছেন। তবে কেউ কেউ মনে করেন, দু-তিনজন মন্ত্রী বাদও পড়তে পারেন।
সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে কথা বলে জানা যায়, ইতিমধ্যে মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত দেওয়া হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগকে।
মন্ত্রিসভায় রদবদলের কাজটি পুরোপুরি প্রধানমন্ত্রীর এখতিয়ার। তাই এ ব্যাপারে দায়িত্বশীল কেউ মুখ খুলছেন না। তবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সিলেটে সাংবাদিকদের কাছে মন্ত্রিসভা সম্প্রসারণের ইঙ্গিত দিয়েছেন। প্রধানমন্ত্রী এরই মধ্যে যাঁদের নতুন মন্ত্রী হিসেবে নেওয়া হবে তাঁদের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বলে তাঁর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।
বর্তমান মন্ত্রিসভায় ডাক ও টেলিযোগাযোগ, স্বরাষ্ট্র, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ে মন্ত্রী নেই। এ ছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব পাওয়া খন্দকার মোশাররফ হোসেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্বে রয়েছেন। নতুন মন্ত্রীদের মধ্যে প্রবাসীকল্যাণ এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে।
সরকারের দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে জানা যায়, মন্ত্রিসভার বর্তমান সদস্যদের কারও কারও দপ্তর পুনর্বণ্টন হতে পারে। বর্তমানে কয়েকজন মন্ত্রীকে নিয়ে বিতর্ক থাকলেও প্রধানমন্ত্রী তাঁদের বাদ দিতে চান না বলে শোনা যাচ্ছে। মন্ত্রিসভার বর্তমান সদস্যদের তিনি অন্তত দুই বছর কাজ করার সুযোগ দিতে চান। ইতিমধ্যে বর্তমান মন্ত্রিসভা দেড় বছর পার করেছে। আগামী জানুয়ারিতে মন্ত্রিসভায় বড় রকমের পরিবর্তন আসতে পারে। মন্ত্রিসভার বয়োবৃদ্ধ সদস্য এবং দুর্নীতির দায়ে অভিযুক্তদের বাদ দেওয়া হতে পারে।
টানা দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর গত বছরের ১২ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভা শপথ নেয়। তখন অধিকাংশ পুরোনো মন্ত্রী বাদ দিয়ে অপেক্ষাকৃত নতুন ও আগের সরকারের সময় দলের বাদ পড়া জ্যেষ্ঠ নেতাদের নিয়ে সরকার গঠন করা হয়। একই বছরের ২৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী আরেক দফা মন্ত্রিসভা সম্প্রসারণ করেন। সে সময় এ এইচ মাহমুদ আলীকে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নজরুল ইসলামকে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। এ ছাড়া ওই সময় আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে পানিসম্পদ মন্ত্রণালয় থেকে সরিয়ে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।
পবিত্র হজ নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য গত বছরের ১২ অক্টোবর আবদুল লতিফ সিদ্দিকী মন্ত্রিসভা থেকে অপসারিত হন। সর্বশেষ গত বৃহস্পতিবার সৈয়দ আশরাফুল ইসলামকে দপ্তরবিহীন মন্ত্রী করা হলো।
বর্তমান মন্ত্রিসভায় ২৯ জন মন্ত্রী, মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর একজন বিশেষ দূত, মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর পাঁচজন উপদেষ্টা, ১৮ জন প্রতিমন্ত্রী এবং দুজন উপমন্ত্রী রয়েছেন।