মন্ত্রিসভার আকার বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রিসভার আকার বাড়ছে। আজ বুধবার দুপুর ১২টায় মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ হতে পারে। বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। সরকারের শীর্ষ পর্যায়ের একাধিক সূত্রে এ খবর জানা গেছে।
গতকাল রাত পর্যন্ত মন্ত্রিসভায় দুজন নতুন সদস্যের অন্তর্ভুক্তির খবর পাওয়া গেছে। এঁরা হলেন দিনাজপুর-৪ আসন থেকে নির্বাচিত এ এইচ মাহমুদ আলী এবং নরসিংদী সদর থেকে নির্বাচিত সাংসদ কর্নেল (অব.) নজরুল ইসলাম। মাহমুদ আলীকে পররাষ্ট্র মন্ত্রী এবং নজরুল ইসলামকে স্বরাষ্ট্র বা অন্য কোনো মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানা গেছে। তবে আজ আরও কেউ মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে পারেন বলে সরকারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে।
জানা যায়, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা মাহমুদ আলী ও নজরুল ইসলামকে ফোন করে শপথ নেওয়ার কথা জানিয়েছেন।
গত ১২ জানুয়ারি বর্তমান সরকারে শপথ নেন ৪৯ মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী। প্রায় দেড় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারিত হচ্ছে।
৫ জানুয়ারির একতরফা নির্বাচনের পর ১২ জানুয়ারি নতুন মন্ত্রিসভা শপথ নেয়। কিন্তু গুরুত্বপূর্ণ দুই মন্ত্রণালয় স্বরাষ্ট্র ও পররাষ্ট্রে পূর্ণমন্ত্রীর দায়িত্ব কাউকে দেওয়া হয়নি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে শাহরিয়ার আলম প্রতিমন্ত্রী হিসেবে এবং স্বরাষ্ট্রে আসাদুজ্জামান খান প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।