মন্ত্রিসভার বৈঠকে অসন্তোষ, আলোচনা হবে সংসদে
সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায় আপিল বিভাগে বহালের পর মন্ত্রিসভায় অসন্তোষ প্রকাশ করে আলোচনা হয়েছে। আলোচনায় অংশ নেওয়া মন্ত্রীরা মনে করেন, বাহাত্তরের সংবিধানের ৯৬ অনুচ্ছেদ পুনঃস্থাপন সংবিধানের পরিপন্থী হতে পারে না। এ নিয়ে ৯ জুলাই জাতীয় সংসদ অধিবেশনে আলোচনা হতে পারে।
গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনির্ধারিত আলোচনায় মন্ত্রিসভার সদস্যদের কয়েকজন অসন্তোষ প্রকাশ করে বক্তব্য দেন। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া না জানিয়ে সংসদে আলোচনার পরামর্শ দেন। বৈঠক শেষে একাধিক মন্ত্রীর সঙ্গে আলাপ করে এসব তথ্য জানা গেছে।
বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল গতকাল খারিজ করে দেন আপিল বিভাগ। সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক চলাকালীন এ খবর যায়। বৈঠকে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক একজন মন্ত্রী প্রথম আলোকে বলেন, বৈঠক চলাকালীন আইনমন্ত্রী আনিসুল হক বিষয়টি প্রথমে শুধু প্রধানমন্ত্রীকে অবহিত করেন। পরে বৈঠকের নিয়মিত কাজ শেষে আইনমন্ত্রী রায়ের বিষয়টি সভাকে অবহিত করলে মন্ত্রীরা অসন্তোষ জানিয়ে প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। একজন মন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী বাহাত্তরের সংবিধানের অংশ। এটা সংবিধান পরিপন্থী হয় কীভাবে?
আলোচনার একপর্যায়ে বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন ও ব্যারিস্টার আমীর-উল ইসলাম সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার পক্ষে মতামত দেওয়ায় মন্ত্রিসভায় কেউ কেউ তাঁদের প্রতি অসন্তোষ প্রকাশ করেন। এ বিষয়ে বলা হয়, বাহাত্তরের সংবিধান তো ওনারাই করেছিলেন।
সূত্রমতে, মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী আইনমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। পরে এ বিষয়ে জানতে চাইলে আনিসুল হক প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে যেকোনো নির্দেশনা দিতেই পারেন। তবে তাঁরা পূর্ণাঙ্গ রায়ের জন্য অপেক্ষা করছেন।
মন্ত্রিসভার বৈঠক শেষে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকেরা আইনমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চান। সাংবাদিকদের প্রশ্ন ছিল—উচ্চ আদালতে যে রায় হলো, সেটায় সংসদের সার্বভৌম ক্ষমতা ক্ষুণ্ন হলো কি না? জবাবে আইনমন্ত্রী বলেন, ‘রায়ে ওনারা শুধু আপিল খারিজ করে দিয়েছেন। এখন আপনার প্রশ্নের জবাব দিতে গেলে আমার মনে হয় পূর্ণাঙ্গ রায় যতক্ষণ না পর্যন্ত পড়ি, ততক্ষণ পর্যন্ত এই কথার জবাব দেওয়া যাবে না। তবে আমার কাছে সব সময় প্রশ্ন থাকবে যে, ১৯৭২ সালের সংবিধানের ৯৬ অনুচ্ছেদে যেটা ছিল, সেটা সামরিক সরকার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আনার পর তা আবার সংসদ পুনঃস্থাপন করে। সেটা কীভাবে সংবিধানের পরিপন্থী হয়, আমি সেটা বুঝতে পারছি না। আমি অপেক্ষা করব পূর্ণাঙ্গ রায়ের জন্য। পূর্ণাঙ্গ রায়ের পর আমরা কী করব, তার সিদ্ধান্ত নেব।’
আইনমন্ত্রী বলেন, সংবিধানের ৯৬ অনুচ্ছেদে বিচারকদের অপসারণের বিষয়ে যে কথাগুলো বলা আছে, সারা বিশ্বের গণতান্ত্রিক ও উন্নত দেশগুলোতে সে বিষয়গুলো আছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন মন্ত্রিসভার বৈঠক শেষে বের হয়ে যাওয়ার সময় এই রায়ের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে। সুতরাং সংসদে যে সিদ্ধান্ত, এটাই চূড়ান্ত। এটা সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হতে পারে না। এর বড় কারণ হচ্ছে, এটা বাহাত্তরের মূল সংবিধানের হুবহু অনুকরণ। এ নিয়ে তাঁরা নিশ্চয়ই সংসদে আলাপ-আলোচনা করবেন।