মন্ত্রিসভার বৈঠকে যোগ দেননি জাপার মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপার মন্ত্রী-প্রতিমন্ত্রীরা
জাপার মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

নির্বাচনকালীন মন্ত্রিসভার আজ সোমবারের বৈঠকে যোগ দেননি জাতীয় পার্টির (জাপা) মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। এ বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা।
সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সচিব। প্রথম বৈঠকে বলা হয়েছিল, এটি সর্বদলীয় সরকারের বৈঠক। তাহলে কী কারণে আজকের বৈঠকে জাতীয় পার্টির মন্ত্রী-প্রতিমন্ত্রীরা যোগ দেননি—এ বিষয়ে জানতে চাইলে মোশাররাফ হোসাইন বলেন, ‘জটিল না করে সোজা করে প্রশ্ন করুন। আমাকে জিজ্ঞেস করুন, জাতীয় পার্টির মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কেন আসেননি। তাঁরা কেন আসেননি, আমার জানা নেই। তবে তাঁরা উপস্থিত ছিলেন না, সেটুকু বলতে পারি।’
সচিব বলেন, তাঁরা বৈঠকে উপস্থিত থাকবেন না বলে বৃহস্পতিবার ব্রিফকেস ফেরত পাঠিয়েছেন। বৈঠকের আগে এজেন্ডাসংবলিত কাগজপত্র একটি ব্রিফকেসে করে মন্ত্রীর কাছে পাঠানো হয়।
জাতীয় পার্টির মন্ত্রী-প্রতিমন্ত্রীরা পদত্যাগ করেছেন কি না—জানতে চাইলে মোশাররাফ হোসাইন বলেন, ‘তাঁরা পদত্যাগ করেননি। এ-সংক্রান্ত কোনো খবরও আমার কাছে নেই।’ তিনি বলেন, পদত্যাগ করতে হলে প্রধানমন্ত্রীর কাছে তা জমা দিতে হবে এবং তা রাষ্ট্রপতির কাছে যাবে। পদত্যাগপত্র গৃহীত হলেই মন্ত্রিসভার তালিকা থেকে তাঁদের নাম বাদ দেওয়া হবে।
তবে আজকের বৈঠকে ন্যাশনাল ওশানো গ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট আইন-২০১৩ খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়।

গত ২৫ নভেম্বর নির্বাচনকালীন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।