মন্ত্রিসভার বৈঠকে শোকপ্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও আশফাক মুনীরসহ (মিশুক মুনীর) পাঁচজনের মৃত্যুতে গতকাল রোববার মন্ত্রিসভার বৈঠকে শোকপ্রস্তাব গৃহীত হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত এ বৈঠক হয়। বৈঠকে প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান।শোকপ্রস্তাবে বলা হয়, খ্যাতনামা সংস্কৃতি ও মিডিয়াকর্মী তারেক মাসুদ ও মিশুক মুনীর আন্তর্জাতিক চলচ্চিত্র ও মিডিয়া অঙ্গনে বাংলাদেশকে বিশেষ মর্যাদায় আসীন করেছেন। তাঁদের অকালমৃত্যুতে দেশের সাংস্কৃতিক ও গণমাধ্যম জগতে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।মন্ত্রিসভা সমগ্র দেশবাসীর সঙ্গে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে সড়ক দুর্ঘটনায় নিহত সবার আত্মার মাগফিরাত কামনা, তাঁদের পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করেছে।বৈঠকে প্রস্তাবটি উত্থাপন করেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।গত শনিবার মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আশফাক মুনীরসহ পাঁচজন নিহত হন।গতকালের বৈঠকে বাংলাদেশ পানি আইন, ২০১১ উত্থাপিত হলেও আরও সংশোধন করে পরবর্তী সময়ে উত্থাপন করার জন্য তা ফেরত পাঠানো হয়। এ ছাড়া ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের বোর্ড অব গভর্নরসের ৩৬তম বার্ষিক সভায় বাংলাদেশের প্রতিনিধিদলের অংশগ্রহণ, অর্থমন্ত্রীর সৌদি আরব ভ্রমণ এবং ২১ ও ২২ জুন ভিয়েনায় জ্বালানি ও পরিবেশবাদী শিল্পবিষয়ক মন্ত্রিপর্যায়ের বৈঠকে শিল্পমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে মন্ত্রিসভাকে অবহিত করা হয়।বৈঠক সূত্র জানায়, বৈঠকে মেরামতের অভাবে মহাসড়কগুলোর বেহাল অবস্থা নিয়ে আলোচনা হয়। অন্য খাত থেকে টাকা এনে অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাগুলো দ্রুত মেরামত করার নির্দেশ দেওয়া হয়। যেসব রাস্তায় বাস চলাচল বন্ধ হয়ে গেছে, প্রধানমন্ত্রী সেসব এলাকায় বিআরটিসির বাস চালানোর নির্দেশ দেন। তিনি সড়ক দুর্ঘটনা রোধে এ-সংক্রান্ত আইন যুগোপযোগী করার ওপরও গুরুত্বারোপ করেন।