মন্ত্রিসভার শপথ স্থগিত চেয়ে রিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রিসভা গঠন, ২৯০ জন সাংসদের নামের গেজেট প্রকাশ ও শপথ নিয়ে প্রশ্ন তুলে রিট হয়েছে। রিটে ওই গেজেট বিজ্ঞপ্তি এবং সাংসদদের শপথ কেন বেআইনি হবে না—এই মর্মে রুল চাওয়া হয়েছে। রুল শুনানি না হওয়া পর্যন্ত গেজেট বিজ্ঞপ্তি এবং মন্ত্রিসভা গঠন ও শপথ স্থগিতের আবেদন জানানো হয়েছে।

আজ রোববার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দাখিল করেন আইনজীবী ইউনূস আলী আকন্দ। আবেদনটি আজই আদালতে উপস্থাপন করা হতে পারে বলে জানিয়েছেন তিনি।
ইউনূস আলী আকন্দ প্রথম আলোকে বলেন, ৮ জানুয়ারি ২৯০ জন সাংসদের নামের গেজেট বিজ্ঞপ্তি এবং তাঁদের শপথ কেন বেআইনি হবে না—এই মর্মে রুল চাওয়া হয়েছে। রুল শুনানি না হওয়া পর্যন্ত ওই গেজেট বিজ্ঞপ্তি স্থগিত এবং মন্ত্রিসভা গঠন ও শপথ স্থগিতের আবেদন জানানো হয়েছে।
আজ নতুন মন্ত্রিসভার শপথ হচ্ছে। বঙ্গভবনের দরবার হলে বেলা সাড়ে তিনটায় শপথ অনুষ্ঠান হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তৃতীয়বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন।
রিটে বলা হয়েছে, সংবিধানের ৭২ (৩) অনুচ্ছেদ অনুসারে নবম সংসদের পাঁচ বছর মেয়াদ শেষ হবে ২৪ জানুয়ারি।
সংবিধানের ১২৩ (৩) অনুচ্ছেদ অনুসারে পূর্বের সংসদের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত নতুন সংসদ কার্যভার গ্রহণ করতে পারবে না।
৬৭ (১) (ক) অনুচ্ছেদ অনুসারে, ৯০ দিনের মধ্যে নতুন সাংসদেরা শপথ না নিলে সসদ্যপদ হারাবেন। তবে যুক্তিসংগত কারণে স্পিকার এই সময়সীমা বাড়াতে পারবেন।
রিট আবেদনকারীর দাবি, সংবিধানের ৬৫ (২) অনুচ্ছেদ অনুসারে সাংসদদের সংখ্যা হবে ৩০০ জন। মহিলা সদস্যসহ ৩৫০। কিন্তু নবম সংসদসহ বর্তমান সদস্যসংখ্যা ৬৩৮, যা অনুচ্ছেদ ৬৫-এর সঙ্গে সাংঘর্ষিক।
রিটে আরও বলা হয়, ৭১ (১) অনুচ্ছেদ অুনসারে কোনো ব্যক্তি একই সময়ে দুই বা ততোধিক নির্বাচনী এলাকার সাংসদ হবেন না। কিন্তু বর্তমানে একই ব্যক্তি একই আসনে নবম ও দশম জাতীয় সংসদের সদস্য।
৭২ (১) অনুচ্ছেদ অনুসারে, নবম সংসদ ভেঙে দেওয়া হয়নি। আর ৭২ (৩) অনুসারে নবম সংসদের মেয়াদও শেষ হয়নি।
অনুচ্ছেদ ১৪৮ (২) (ক) অনুসারে গেজেট বিজ্ঞপ্তির তিন দিনের মধ্যে স্পিকার বা সিইসি সাংসদদের শপথ পড়াবেন।
অনুচ্ছেদ ১৪৮ (৩) অনুসারে শপথ গ্রহণের পরেই সাংসদেরা কার্যভার গ্রহণ করেছেন বলে গণ্য করা হবে।
রিটে বলা হয়েছে, অনুচ্ছেদ ১৪৮ (২) (ক) এবং এবং ৬৭ (১) (ক) সাংঘর্ষিক।
রিট আবেদনে আইনসচিব, মন্ত্রিপরিষদ সচিব, নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার ও জাতীয় সংসদ সচিবালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।
গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ৮ জানুয়ারি বেসরকারিভাবে নির্বাচিত ২৯২ জন সাংসদের মধ্যে ২৯০ জন সাংসদের নাম গেজেট আকারে প্রকাশ করে নির্বাচন কমিশন।
৯ জানুয়ারি আওয়ামী লীগের ২২৬, জাতীয় পার্টির ৩১, ওয়ার্কার্স পার্টির ছয়, জাসদের চার, জাতীয় পার্টি (জেপি), বিএনএফ ও তরীকত ফেডারেশনের একজন করে এবং স্বতন্ত্র ১৪ জনসহ মোট ২৮৪ জন সাংসদ শপথ নেন। গতকাল শনিবার আরও কয়েকজন সাংসদ শপথ নেন।