জনপ্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের জন্য তৈরি নতুন আইনের খসড়া মন্ত্রিসভা অনুমোদন করার পরও তা ফের পর্যালোচনা ও পরিমার্জন করতে যাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আইন, আদালত ও দণ্ড বিষয়ে বেশি মনোযোগ দিতে গিয়ে আইনটি সমালোচনার মুখে পড়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানা গেছে। এর ফলে চার বছর ধরে আলোচনা-পর্যালোচনার মাধ্যমে চূড়ান্ত রূপ পাওয়া আইনের খসড়া আবার পিছিয়ে গেল।
জনপ্রশাসনসচিব কামাল আবদুল নাসের চৌধুরী এ বিষয়ে প্রথম আলোকে বলেন, আইনের কিছু বিষয় পর্যালোচনা বা পরিমার্জনের সিদ্ধান্ত হয়েছে। এ প্রসঙ্গে তিনি আইনের আশ্রয়, আদালতের মামলা, দণ্ড, চাকরিতে বহাল রাখা বা না রাখার বিষয়গুলো আইনজ্ঞদের আরও পরামর্শ নিয়ে ফের চূড়ান্ত করা হবে বলে জানান।
তবে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, মন্ত্রিসভায় অনুমোদন হওয়ার পর টুকটাক ভাষাগত বিষয় ছাড়া আইনটি পর্যালোচনার সুযোগ নেই। তা করতে হলে আইনটি আবার মন্ত্রিসভায় উপস্থাপন করতে হবে। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি কোনো বিষয় পরিবর্তনের সুপারিশ করতে পারে, আর জাতীয় সংসদ যেকোনো বিষয় পরিবর্তনের সিদ্ধান্ত দিতে পারে।
আইনটি অনুমোদন হওয়ার পর বড় প্রশ্ন ওঠে এক বছর পর্যন্ত জেল বা ২০ হাজার টাকার বেশি জরিমানা হওয়া দণ্ডপ্রাপ্ত কর্মকর্তার চাকরিতে বহাল রাখার বিষয়টি রাষ্ট্রপতির সিদ্ধান্তের জন্য ছেড়ে দেওয়ার ধারাটি নিয়ে। ওই ধারায় বলা হয়, এক বছরের বেশি কারাদণ্ড এবং দুর্নীতি ও নৈতিক স্খলনজনিত যেকোনো দণ্ডের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মচারী চূড়ান্তভাবে বরখাস্ত হবেন।
প্রশাসনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রথম শ্রেণির কর্মকর্তার নিয়োগদাতা, চাকরিতে বহাল রাখাসহ বিভিন্ন বিষয় রাষ্ট্রপতির ওপর ন্যস্ত। কিন্তু কারাদণ্ড এক দিন বা এক বছর যাই হোক না কেন, তা থেকে একজন সরকারি কর্মকর্তাকে রক্ষায় আদালতের রায়ের পর ফের রাষ্ট্রপতির সিদ্ধান্তের জন্য অপেক্ষা বা তাঁকে এ বিষয়ে জড়ানো উচিত নয়।
সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক অবশ্য মনে করেন, লঘু পাপে বড় ধরনের শাস্তি যাতে না হয় বা চাকরিজীবনের আর্থিক সব প্রাপ্য যাতে হারাতে না হয়, সে জন্য হয়তো এমন ব্যবস্থা রাখার চিন্তা করা হয়েছে। কিন্তু তাঁর প্রশ্ন, নিজেদের জন্য এমন একটি মৌলিক আইন করতে আমলাতন্ত্র চার দশক কেন পার করল? এই সময়ে কত সচিব এলেন-গেলেন, কিন্তু নিজেদের জন্য একটি আইন কেন কেউ করলেন না?
গত ১৩ জুলাই ‘সরকারি কর্মচারী আইন, ২০১৫’ শিরোনামের ওই আইনের খসড়া অনুমোদন করে মন্ত্রিসভা, যা আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের পর জাতীয় সংসদে পেশ করার কথা ছিল।
সেটি আবার পিছিয়ে যাওয়ার কারণ সম্পর্কে জনপ্রশাসনের সাবেক ও বর্তমান একাধিক কর্মকর্তা বলছেন, সবকিছু ছাপিয়ে ওই আইনের অন্যতম লক্ষ্য হয়ে ওঠে ফৌজদারি অপরাধ থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রক্ষা করা, যা নিয়ে বেশ সমালোচনা হয়। তবে জনপ্রশাসনের পদস্থ একাধিক কর্মকর্তা বেলছেন, সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে বিশেষ পরিস্থিতির জন্য তাঁদের সুরক্ষা নিশ্চিত করে আইন প্রয়োজন। কারণ তাঁরা এমন কিছু সিদ্ধান্ত নিতে বাধ্য হন, যেগুলোর সঙ্গে তাঁরা একমত নন বা ওপরের নির্দেশে নেন।
আইন মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, সরকারি কর্মচারীদের জন্য মন্ত্রিসভায় অনুমোদিত ওই আইনের সঙ্গে প্রচলিত আইন ও দুর্নীতি দমন কমিশন আইনের মধ্যে সংঘাত সৃষ্টি হবে কি না, তা আরও খতিয়ে দেখা হবে। ফৌজদারি কার্যবিধির ১৯৭ ধারা অনুসারে সরকারি কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা দপ্তরের অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা আছে।
আর দুদক আইনে বলা আছে, অন্য আইনে যা কিছু থাকুক না কেন, দুদক আইন প্রাধান্য পাবে। সরকারের অনুমোদন ছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে মামলা করা যাবে না—এই বিধান রেখে ২০১৩ সালের ১০ নভেম্বর জাতীয় সংসদে দুদক সংশোধন বিল, ২০১৩ পাস হয়। ওই বছরের ২৫ নভেম্বর চার আইনজীবী সংশোধনী আইন চ্যালেঞ্জ করে রিট করেন। এর পরিপ্রেক্ষিতে গত বছরের ৩০ জানুয়ারি দুদক আইনের সংশোধনীতে আনা ৩২ (ক) ধারা অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। হাইকোর্ট ওই ধারাটি বাতিল করার পর সাবেক গৃহায়ণ ও গণপূর্তসচিব খন্দকার শওকত হোসেনের বিরুদ্ধে প্রথম দুর্নীতির মামলা করে দুদক। এ ক্ষেত্রে সরকারের অনুমতি নেওয়া হয়নি।
এ বিষয়ে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অধিকাংশই দুর্নীতি করেন না। কিন্তু যে ক্ষুদ্র অংশটি দুর্নীতি করেন, তাঁদের জন্য সরকারি কর্মচারী আইন প্রণোদনার মতো কাজ করবে বলে মনে হয়। তিনি বলেন, ‘আইনে গুরুত্ব দেওয়া হলেও মামলা বা গ্রেপ্তারের আতঙ্ক কজন সরকারি কর্মকর্তা-কর্মচারীর আছে, তা বুঝতে পারছি না।’ একজন সরকারি কর্মকর্তা নির্ভয়ে পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে পারবেন, এমন সুরক্ষা ওই আইনে নেই বলে মনে করেন তিনি। সাবেক ওই পদস্থ আমলা জানান, পদোন্নতির জন্য সরকারি কর্মকমিশনের আদলে প্রতিষ্ঠান গড়ার কথা বলা হয়েছিল। এখন বলা হচ্ছে, বিধি দিয়ে তা নির্ধারিত হবে। কিন্তু বিধি দিয়ে এখনো পদোন্নতি বা অন্যান্য কাজ চলছেই। তাহলে নতুন আইন কেন দরকার হলো?
এত দিন রাষ্ট্রপতির বিধি দিয়ে প্রজাতন্ত্রের কর্মচারীরা পরিচালিত হতেন। জনপ্রশাসন মন্ত্রণালয় প্রথমে সিভিল সার্ভিস অ্যাক্ট তৈরি করার উদ্যোগ নিলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবিধানের সঙ্গে মিল রেখে সরকারি কর্মচারী আইন প্রণয়নের নির্দেশ দেন।
আইনটি এত দিন না হওয়া সম্পর্কে জনপ্রশাসনসচিব বলেন, আইন হওয়া প্রয়োজন, কিন্তু এত দিন কোনো শূন্যতা ছিল না। সংবিধান অনুযায়ী ও রাষ্ট্রপতির বিধির মাধ্যমে সরকারি কর্মচারীদের নিয়োগ, কর্ম সম্পাদন ও আনুষঙ্গিক বিষয় পরিচালিত হয়েছে।
অবশ্য শাহদীন মালিক বলেন, সরকারি কর্মকর্তারা নিজেদের আইনটি এত দিন না করায় এটি এতটাই ছড়িয়ে-ছিটিয়ে গেছে যে এ ধরনের মামলা পরিচালনা করাও অনেক ক্ষেত্রে দুরূহ ব্যাপার হয়ে ওঠে। তিনি বলেন, শ্রম আইনগুলো বিক্ষিপ্ত অবস্থায় থাকলেও ভালো বা মন্দ যাই হোক, ২০০৬ সালে একটি পূর্ণাঙ্গ আইন করা হয়েছে।