দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনের সংশোধনী মন্ত্রিপরিষদে অনুমোদন হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানান। বিবৃতিতে বলা হয়, প্রজাতন্ত্রের কর্মকর্তাদের দুর্নীতি তদন্তে সরকারের পূর্বানুমতির বিধানসংবলিত ‘দুদক আইন (সংশোধিত) ২০১০’ গত সোমবার মন্ত্রিপরিষদ অনুমোদন করে। প্রস্তাবিত এই সংশোধনীটি সব নাগরিকের সমান অধিকারের সংবিধান প্রদত্ত অঙ্গীকারের পরিপন্থী।শিগগির প্রস্তাবিত সংশোধনীসহ অপরাপর সংশোধনী প্রস্তাব বস্তুনিষ্ঠভাবে এবং জনমত যাচাইপূর্বক পুনর্বিবেচনা করার দাবি জানিয়েছে টিআইবি।বিবৃতিতে বলা হয়, জনপ্রতিনিধিসহ অন্য সব খাত ও পেশার নাগরিকদের থেকে সরকারি কর্মকর্তাদের আলাদা মাপকাঠিতে বিবেচনার কোনো যুক্তি নেই। তা ছাড়া এই সংশোধনী সরকারের ওপর দুদকের নির্ভরশীলতা বাড়াবে। এতে দুদকের স্বাধীনতা খর্ব হবে এবং এটিকে অকার্যকর করে তুলবে। তাই জনমত সংগ্রহ ও দুদকসহ সংশ্লিষ্ট সবার পরামর্শ ব্যতীত এই সংশোধনী প্রস্তাব সংসদে অনুমোদনের জন্য উপস্থাপন না করার দাবি করা হয়।বিবৃতিতে দুদকের দায়বদ্ধতা রাষ্ট্রপতির পরিবর্তে সংসদের কাছে হস্তান্তরের প্রস্তাবকে স্বাগত জানান টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানটির দায়বদ্ধতা জাতীয় সংসদের সব দলের সমান প্রতিনিধিত্বশীল একটি বিশেষ কমিটির ওপর ন্যস্ত করার দাবি জানান। বিজ্ঞপ্তি।