আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে জাতীয় শিক্ষানীতি অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে। এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষানীতির খসড়া অনুমোদন করেছেন। এটি চূড়ান্ত অনুমোদনের জন্য আজ মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের কথা রয়েছে।বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর জাতীয় শিক্ষানীতি প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়। ২০০৯ সালের ৮ এপ্রিল জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীকে প্রধান করে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটি গঠন করা হয়। গত বছরের ২ সেপ্টেম্বর কমিটি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে শিক্ষানীতির খসড়া জমা দেয়। এটি পরে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।প্রস্তাবিত শিক্ষানীতিতে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণী এবং মাধ্যমিক শিক্ষাকে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত করা হয়েছে। প্রাক-প্রাথমিক শিক্ষা চালু ও মাদ্রাসাশিক্ষাকে আধুনিকায়নের বিধান রাখা হয়েছে। এই নীতিতে পঞ্চম ও অষ্টম শ্রেণীতে সমাপনী পরীক্ষার বিধান রাখা হয়েছে। শিক্ষানীতি বাস্তবায়নে আগামী ২০১৭-১৮ সাল পর্যন্ত খরচ হবে প্রায় ৬৮ হাজার কোটি টাকা।