মন্ত্রিসভায় ইসরায়েলের হামলার নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মন্ত্রিসভা। তাদের প্রতি বর্বরোচিত এ হামলা বন্ধে আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে বাংলাদেশের দৃঢ় অবস্থান জানাতে কূটনৈতিক উদ্যোগ নেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা।
গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, মন্ত্রিসভা আবারও গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে। অবিলম্বে এ হত্যা ও ধ্বংসযজ্ঞ বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, ফিলিস্তিন প্রশ্নে বাংলাদেশের দৃঢ় অবস্থানের আলোকে প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ নিতে মন্ত্রিসভা পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে। এর আগে গত ১৪ জুলাই মন্ত্রিসভার বৈঠকেও গাজায় হামলার নিন্দা জানানো হয়েছিল। সচিব বলেন, এটি মানবাধিকার লঙ্ঘনের একটি নিকৃষ্ট উদাহরণ, বিশেষ করে নারী ও শিশুদের নির্বিচারে হত্যা করা হয়েছে, এটি খুবই নিন্দনীয়। মন্ত্রিসভার পর্যবেক্ষণ হলো, যে বছরটিকে ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতির বর্ষ ঘোষণা করা হয়েছে, সে বছরেই ইসরায়েল এ জঘন্য হামলা চালাচ্ছে, এটা খুবই দুঃখজনক।
বৈঠক সূত্র জানায়, উচ্চ আদালতের বিচারপতিদের অভিশংসনের (অপসারণ) ক্ষমতা জাতীয় সংসদের হাতে দেওয়ার আইনটির অগ্রগতি সম্পর্কে আইনমন্ত্রী আনিসুল হকের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতে চান। অভিশংসনের ক্ষমতা জাতীয় সংসদের হাতে দিতে সম্প্রতি আইন কমিশন সংসদীয় কমিটির বৈঠকে এ বিষয়ে একটি সুপারিশসহ প্রতিবেদন জমা দেয়।