মন্ত্রিসভায় ওঠেনি কওমি মাদ্রাসা আইন
‘বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ আইন-২০১৩’-এর খসড়া মন্ত্রিসভার বৈঠকে বিবেচিত বিষয়ের (অ্যাজেন্ডা) তালিকা থেকে প্রত্যাহার করে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রস্তাবটি আরও পরীক্ষা-নিরীক্ষা করার পর তা মন্ত্রিসভায় উত্থাপন করা হবে।
আজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসাইন ভূইঞা এ তথ্য জানান।
গতকাল রোববার চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী সাংবাদিকদের বলেন, কওমি মাদ্রাসা আইন পাস হলে দেশে গৃহযুদ্ধ শুরু হবে। তিনি আইনটি পাস করা থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
আরেক প্রশ্নের জবাবে সচিব বলেন, মন্ত্রিসভার বৈঠক আর হবে কি না, তা প্রধানমন্ত্রী জানেন। তিনি এ সভা ডাকেন। তবে মন্ত্রিসভার আরও অ্যাজেন্ডা বাকি আছে।
বৈঠকে সরকারি-বেসরকারি অংশীদারি আইন-২০১৩ অনুমোদনের খসড়া প্রস্তাব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ প্রস্তাবের খসড়া উত্থাপিত হয়। খসড়ায় কীভাবে বেসরকারি অংশীদার নির্বাচন করা হবে, চুক্তির মেয়াদ বাড়ানো হবে তা তুলে ধরা হয়।
এ ছাড়া বৈঠকে ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর ডেভেলপমেন্ট অব স্ট্যাটিসটিক (এনএসডিএস) শীর্ষক পরিকল্পনার দলিল অনুমোদন করা হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন-২০১৩, বরিশাল বিশ্ববিদ্যালয় আইন-২০১৩, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন-২০১৩ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আইনের খসড়া অনুুমোদন দেওয়া হয়।