মন্ত্রিসভায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে কক্সবাজারকে আধুনিক পর্যটন নগর হিসেবে গড়ে তুলতে একটি আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল সোমবার জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১৫ নামে এই আইনের অনুমোদন দেওয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিং করেন। তিনি বলেন, একটি পর্যটন নগর হিসেবে কক্সবাজারের গুরুত্ব ও সম্ভাবনা অনেক। এর উন্নয়নের বিশাল সম্ভাবনা রয়েছে। কিন্তু অপরিকল্পিত নগরায়ণের কারণে তা আকর্ষণীয় হতে পারছে না।
এ অবস্থা থেকে উত্তরণে আইনের মাধ্যমে একটি কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আদলে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। একটি পরিকল্পিত পর্যটন নগর গড়ে তোলার জন্য সমীক্ষা, জরিপ, মাস্টার প্ল্যান এবং নগর পরিকল্পনা তৈরি করবে এই কর্তৃপক্ষ। এর সদস্য হবে ১৫ জন। এঁদের চারজন হবেন পূর্ণকালীন আর ১১ জন খণ্ডকালীন। নেতৃত্বে থাকবেন একজন চেয়ারম্যান।
ব্রিফিংয়ে জানানো হয়, অপরিকল্পিত নগরায়ণ প্রতিহত এবং অবৈধ দখল উচ্ছেদে এ কর্তৃপক্ষ কাজ করবে। আইন ভঙ্গ করলে প্রচলিত আইনে বিচার হবে। তবে ভবন নির্মাণ, জলাধার ভরাট বা পাহাড় কাটা ইত্যাদি কাজ বন্ধে কর্তৃপক্ষ আদেশ দিতে পারে। তবে যদি এই আদেশ কেউ অমান্য করে, তাহলে কর্তৃপক্ষ অনধিক এক বছরের কারাদণ্ড বা অনধিক পাঁচ লাখ টাকা জরিমানা করতে পারবে বলে আইনে রয়েছে ।
গতকালের সভায় জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা ২০১৫ অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয় এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করতে জাতীয় উন্নয়ন লক্ষ্য অর্জন ও সরকারের ভিশন বাস্তবায়নে আইসিটির কার্যকর ব্যবহার নিশ্চিত করতে এ নীতিমালা তৈরি করা হয়।
সচিব বলেন, আইসিটি নীতিমালা হবে উন্নয়নমূলক ও প্রচারকেন্দ্রিক। সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি ও মানবসম্পদ উন্নয়ন এবং সরকারি-বেসরকারি অংশীদারের মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিত করতে আইসিটি নীতিমালা ব্যবহার করা হবে।