মন্ত্রিসভায় জাপার যোগ দেওয়ার সুযোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন মন্ত্রিসভায় জাতীয় পার্টি যোগ দিলে সাংবিধানিক জটিলতা দেখা দিতে পারে। কারণ, স্পিকার গতকাল রওশন এরশাদকে বিরোধী-দলীয় নেতা ঘোষণা করেছেন। এর মাধ্যমে সংসদীয় কার্যপ্রণালি বিধি অনুযায়ী তিনি নিশ্চিত করেছেন যে, জাতীয় পার্টি সংসদে সরকারের বিরোধিতা করবে।
এ বিষয়ে সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলামের মত হলো, কোয়ালিশন সরকার হলে মন্ত্রিত্ব দেওয়া-নেওয়া কোনো সমস্যা নয়।
এক দল থেকে নির্বাচিত হয়ে অন্য দলের মন্ত্রিসভায় যোগদান নিয়ে সুপ্রিম কোর্টের দুটি রায় প্রাসঙ্গিক। এটা ঘটে ১৯৯৬ সালের ১২ জুনের নির্বাচনে গঠিত সপ্তম সংসদে। বিএনপি থেকে জয়ী দুজন সাংসদ শেখ হাসিনার নেতৃত্বাধীন ‘জাতীয় ঐক্যমতের সরকারে’ যোগ দিলে বিএনপি তার বৈধতা চ্যালেঞ্জ করে। ওই সরকারে জাতীয় পার্টি থেকে তৎকালীন মহাসচিব আনোয়ার হোসেন মঞ্জুও মন্ত্রিত্ব গ্রহণ করেছিলেন। জাপার চেয়ারম্যান এরশাদ তখন জেলে ছিলেন। পরে জেল থেকে বেরিয়ে তিনি মঞ্জুকে মহাসচিবের পদ থেকে অপসারণ করেন এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংসদে তাঁর আসন শূন্য ঘোষণার জন্য স্পিকারের কাছে আবেদন করেন। হাইকোর্ট রায় দেন যে, মন্ত্রিসভা গঠনকালে এরশাদ মত দিয়েছিলেন। ১৯৯৬ সালের ১৭ জুন জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীর সই করা চিঠির পরিপ্রেক্ষিতে তাঁকে মন্ত্রিত্ব দেওয়া হয়। ২০০০ সালে এসে এরশাদ তাঁর মত পাল্টান। অথচ এর আগে তিনি তাঁকে মন্ত্রী হিসেবে অভিনন্দন জানিয়েছিলেন। তাই এ ক্ষেত্রে তাঁর আপত্তি টিকবে না। ২০০১ সালের ৫ জুলাই হাইকোর্ট রায় দেন যে, ‘জাতীয় পার্টি ও তার নেতার সম্মতিতে’ মন্ত্রিত্ব গ্রহণ করায় তিনি ৭০ অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন বলে গণ্য হবে না।
এর আগে ১৯৯৯ সালে আওয়ামী লীগ আদালতে যে যুক্তি দিয়েছিল, তাতে জাপার মন্ত্রীরা এবার সরকারে গেলে কখনো দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে সংসদে ভোট দিতে পারবেন না। ভোট দেওয়া গণ্য হলে তাঁদের সদস্যপদ চলে যাবে।
উল্লেখ্য, ওই নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপির দুজন নির্বাচিত সাংসদ ঐকমত্যের সরকারে যোগ দেন। সাংসদ হাসিবুর রহমান স্বপন ও মোহাম্মদ আলাউদ্দিন যথাক্রমে সিরাজগঞ্জ-৭ ও রাজশাহী-৫ থেকে প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। বিএনপি আপিল বিভাগে নিবেদন করে যে, তারা আওয়ামী লীগ সরকারের দ্বারা প্রলুব্ধ ও প্রভাবিত হয়ে যথাক্রমে ১৯৯৮ সালের ৯ ফেব্রুয়ারি ও ১৯৯৮ সালের ১৭ ফেব্রুয়ারি মন্ত্রী হিসেবে শপথ নেয়। এটা দলীয় শৃঙ্খলার পরিপন্থী। ১৯৯৮ সালের ১১ ফেব্রুয়ারি উপমন্ত্রী হাসিবুর রহমান স্বপন ও প্রতিমন্ত্রী মোহাম্মদ আলাউদ্দিনের সংসদ সদস্যপদ শূন্য করার জন্য বিএনপি স্পিকারের কাছে চিঠি লেখে। চিঠিতে বিএনপি জানায়, সংসদীয় রীতিনীতি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে তাঁরা জাতীয় ঐকমত্যের সরকারে যোগ দেয়। এটা সংবিধানের ৭০(১) অনুচ্ছেদ অনুযায়ী নিজ ও রাজনৈতিক দল থেকে পদত্যাগ বলে গণ্য হবে এবং সংবিধানে ৬৭ অনুচ্ছেদের ১ দফার ই-উপদফার আওতায় তাঁদের পদ শূন্য বলে বিবেচিত হবে। বিএনপির ওই দুই সাংসদ যুক্তি দিয়েছিলেন যে তাঁরা মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ঠিকই, কিন্তু বিএনপি থেকে পদত্যাগ করেননি।
স্পিকার বিরোধী দলের আসন ২৯৯ থেকে পরিবর্তন করে স্বপনকে ট্রেজারি বেঞ্চের ২৬৪ নম্বর আসন দেন। আলাউদ্দিনের আসন ছিল বিরোধীদলীয় বেঞ্চে ১৮৬ নম্বরে, তাঁকে সরিয়ে আনা হয় ট্রেজারি বেঞ্চের ২৬২ নম্বরে। স্পিকার দুই মাসের বেশি সময় পর ১৯৯৮ সালের ২১ এপ্রিল রুলিং দেন যে, ওই দুই সাংসদের পদ শূন্য ঘোষিত হবে না। কারণ, তাঁরা তাঁদের দল থেকে পদত্যাগ করেননি এবং সংসদে বিএনপির বিরুদ্ধে ভোটও দেননি।
বিচারপতি মোস্তাফা কামাল, বিচারপতি লতিফুর রহমান, বিচারপতি বিমলেন্দু বিকাশ রায় চৌধুরী, বিচারপতি এ এম মাহমুদুর রহমান, বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরীর সমন্বয়ে গঠিত আপিল বিভাগ ১৯৯৯ সালের ২৯ জুলাই রায় দেন যে, ৭০ অনুচ্ছেদে বিষয়টি একান্তভাবেই নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত এবং স্পিকারের কোনো সাংবিধানিক ও সংবিধিবদ্ধ কর্তৃত্ব নেই তা ফয়সালা করার।
সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম তাঁর কনস্টিটিউশনাল ল অব বাংলাদেশ বইয়ে লিখেছেন, যদি কোয়ালিশন সরকার গঠন না করা হয় এবং যদি কোনো সদস্য একটি দলের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে অন্য দলের গঠিত মন্ত্রিসভায় যোগ দেন, তাহলে সেক্রেটারি পার্লামেন্ট বনাম খন্দকার দেলোয়ার হোসেন মামলায় আপিল বিভাগের রায়ের ‘রেশিও ডেসিডেন্ডি’ (সিদ্ধান্ত গ্রহণের যৌক্তিকতা) সম্পূর্ণরূপে প্রয়োগযোগ্য হবে। এবং সংশ্লিষ্ট সাংসদের আসন তাৎক্ষণিকভাবে শূন্য হয়ে যাবে।
আপিল বিভাগ অবশ্য মত দিয়েছিলেন, এই আপিলের বিষয়ে তাঁরা কেবল সুরাহা দিচ্ছেন যে, যদি এমন কোনো বিরোধের উদ্ভব ঘটে, তাহলে তা নিরসনের দায়িত্ব নির্বাচন কমিশনের, স্পিকারের নয়।