মন্ত্রিসভায় ডাক পেয়েছেন জাপার রাঙ্গা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মশিউর রহমান রাঙ্গা
মশিউর রহমান রাঙ্গা

জাতীয় পার্টির (জাপা) সভাপতিমণ্ডলীর সদস্য মশিউর রহমান রাঙ্গা মন্ত্রিসভায় ডাক পেয়েছেন। জানতে চাইলে আজ রোববার সকালে তিনি প্রথম আলোকে এ তথ্য জানান। তবে মন্ত্রিসভায় জাপার আর কে কে যুক্ত হচ্ছেন, সে সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি।
মশিউর রহমান রাঙ্গা মুঠোফোনে জানান, কাল (শনিবার) রাতে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসাইন ভূইঞা তাঁকে ফোন করে শপথ নেওয়ার আমন্ত্রণ জানান। তিনি সে অনুযায়ী প্রস্তুতি নিয়ে রেখেছেন।
জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর অন্য তিন সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মুজিবুল হক চুন্নু মন্ত্রিসভায় ডাক পেয়েছেন বলে বিভিন্ন সূত্র জানালেও এঁদের কেউই মুখ খুলছেন না।
জাতীয় পার্টির প্রতিনিধি একই সঙ্গে সরকারে ও বিরোধী দলে থাকলে দলটির ভূমিকা আসলে কী হবে—এমন প্রশ্নের উত্তরে মশিউর রহমান রাঙ্গা বলেন, ‘বিরোধী দলের কাজ তো কেবল ঝগড়াঝাঁটি করা নয়। সবাই মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়াই বড় কথা।’ তাঁরা সরকারে ও সংসদে বিরোধী দলে থেকে সরকারের ভালো কাজের প্রশংসা করবেন, মন্দ কাজের সমালোচনা করবেন বলে তিনি জানান।
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ তাঁর দলের কাউকে যেন মন্ত্রিত্ব দেওয়া না হয় সে অনুরোধ করেছিলেন বলে সংবাদমাধ্যমে খবর বের হয়েছিল। কিন্তু আনিসুল ইসলাম মাহমুদ নির্বাচনের পর থেকেই বলে আসছিলেন, তাঁরা মন্ত্রিসভায় যোগ দিতে পারেন। এ ছাড়া গতকালই রওশন এরশাদকে সংসদে বিরোধীদলীয় নেতা ঘোষণা দিয়ে গেজেট প্রকাশ করেছে সংসদ সচিবালয়।