পায়রা বন্দরের জন্য ভূমি অধিগ্রহণে ভুয়া ক্ষতিগ্রস্তদের ঠেকানোর উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আজ সোমবার তিনটি আইনের খসড়া অনুমোদন করা হয়েছে। ছবি: ফোকাস বাংলা
সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আজ সোমবার তিনটি আইনের খসড়া অনুমোদন করা হয়েছে। ছবি: ফোকাস বাংলা

পটুয়াখালীর পায়রা বন্দর প্রকল্পের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত লোকজনকে দ্রুত আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। তবে ভূমির শ্রেণি পরিবর্তন বা অস্থায়ী স্থাপনা নির্মাণ করে কেউ বাড়তি আর্থিক সুবিধা নিতে চাইলে, তা আটকে দিতে আইন করা হচ্ছে।

আজ সোমবার এ-সংক্রান্ত একটি আইনের খসড়া মন্ত্রিসভা নীতিগত অনুমোদন করেছে। আইনের অন্যতম লক্ষ্য ভূমি অধিগ্রহণের বিষয়গুলো স্বচ্ছ ও স্পষ্ট করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সংবাদ ব্রিফিংয়ে বলেন, পায়রা বন্দর সরকারের অগ্রাধিকার প্রকল্প। এই প্রকল্পের জন্য যাঁদের ভূমি অধিগ্রহণ করা হবে, তাঁদের দ্রুত ক্ষতিপূরণ দেওয়া হবে। প্রত্যাশী সংস্থার কাছ থেকে টাকা পাওয়ার ৬০ দিনের মধ্যে জেলা প্রশাসক ক্ষতিপূরণ দেবেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, কিছু পেশাদার লোক আছে যারা ক্ষতিপূরণের জন্য জমির শ্রেণি পরিবর্তন বা অস্থায়ী অবকাঠামো নির্মাণ করে বড় অঙ্কের ক্ষতিপূরণ নেয়। অন্য কয়েকটি বড় প্রকল্পে এমনটি ঘটেছে। সেই অভিজ্ঞতা থেকে সরকার এই প্রকল্পের জন্য আলাদা আইন করছে। তিনি বলেন, কেউ এমন ক্ষতিপূরণ দাবি করলে তা জেলা প্রশাসক নাকচ করতে পারবেন। এর সাত দিনের মধ্যে বিভাগীয় কমিশনারের কাছে আপিল করা যাবে, যা বিভাগীয় কমিশনার পাঁচ দিনের মধ্যে নিষ্পত্তি করবেন। বিভাগীয় কমিশনার যদি জেলা প্রশাসকের সিদ্ধান্তের সঙ্গে একমত হন, তাহলে ২৪ ঘণ্টার মধ্যে ঘরবাড়ি বা স্থাপনা সরিয়ে নিতে ক্ষতিপূরণ দাবিদারকে নির্দেশ দেওয়া হবে। সরিয়ে না নিলে ওগুলো বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা করা হবে।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, অধিগ্রহণের নোটিশ দেওয়ার সময় ভিডিও করা হবে, যাতে সেখানে গাছপালা ও ঘরবাড়ির চিত্র থাকে। এই ভিডিওচিত্রের আইনি ভিত্তি থাকবে।

আজকের বৈঠকে সরকারি খাতের ট্রাস্ট গঠনের জন্য একটি ‘আমব্রেলা ল’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ভবিষ্যতে ট্রাস্ট গঠনের জন্য আলাদা আইন করার প্রয়োজন হবে না। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ট্রাস্ট আইন বেসরকারি ট্রাস্ট পরিচালনার জন্য। সরকারি খাতে প্রত্যেক ট্রাস্টের জন্য আলাদা আইন করতে হয়। সমস্যা দূর করতে নতুন আইন প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছিল আইন মন্ত্রণালয়কে। তারা আইনের খসড়া তৈরি করেছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত হিসেবে বিষয়টি চূড়ান্ত হয়েছে।

বৈঠকে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। ১৩ সদস্যের এই ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী বা প্রতিমন্ত্রী।

বৈঠকের শুরুতে ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পুরস্কার লাভ এবং নেদারল্যান্ডসের হেগে আরবিট্রেশন স্থায়ী আদালতে (পিসিএ) সদস্য হিসেবে দুজন বাংলাদেশি বিচারকের নিয়োগে সরকারের সাফল্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে দুটি প্রস্তাব গৃহীত হয়। জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) জলবায়ু পরিবর্তন সমস্যা মোকাবিলায় সুদূরপ্রসারী পদক্ষেপের স্বীকৃতি হিসেবে ১৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীকে সংস্থাটির সর্বোচ্চ ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পুরস্কার প্রদান করে।

অপর প্রস্তাবে বলা হয়, আরবিট্রেশন স্থায়ী আদালতে সাবেক প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম ও হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মো. আওলাদ আলীকে সদস্য হিসেবে নিয়োগদানের মাধ্যমে বাংলাদেশের বিশ্বাসযোগ্যতা ও সুনামের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থার প্রতিফলন ঘটেছে। মন্ত্রিসভা তাঁদেরও অভিনন্দন জানায়।