মন্ত্রিসভায় দুটি আইনের খসড়া অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি আইনের নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর মধ্যে একটি হচ্ছে ক্যাডেট কলেজ আইন ২০১৬ এবং আরেকটি হচ্ছে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান। তিনি বলেন, ক্যাডেট কলেজ আইনটি মূলত আগের অধ্যাদেশ থেকে বাংলায় করা হচ্ছে। মূল অধ্যাদেশটি পাকিস্তান সরকারের সময় করা। সবকিছু আগের মতোই থাকছে, মূলত ইংরেজি থেকে বাংলায় হচ্ছে। সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইনটি মূলত আগের দুটি আইনকে একসঙ্গে করা হচ্ছে। আগে শুধু ম্যালেরিয়া রোগের বিষয়টি ছিল, এখন সংক্রামকসংক্রান্ত সব রোগই এই আইনের আওতায় আসবে। এ ছাড়া আজকের সভায় তিন মন্ত্রীর বিদেশ সফর সম্পর্কে মন্ত্রিসভাকে জানানো হয়।