মন্ত্রিসভায় নতুন যাঁরা
নতুন এবং অভিজ্ঞদের নিয়ে এবারের মন্ত্রিসভা গঠন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের তিন হেভিওয়েট নেতা তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু এবং মোহম্মদ নাসিম মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। ২০০৯ সালের মন্ত্রিসভায় এই তিনজনের কেউই জায়গা পাননি ‘সংস্কারপন্থী’ হওয়ার অভিযোগে। অবশ্য এবারের নির্বাচনকালীন মন্ত্রিসভায় ছিলেন তোফায়েল ও আমু। এর আগে মন্ত্রিসভা সম্প্রসারণের সময় তোফায়েল আহমেদকে মন্ত্রিসভায় যোগ দেওয়ার প্রস্তাব দিলেও প্রত্যাখ্যান করেছিলেন তিনি। ১৯৯৬ সালে আওয়ামী লীগের মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী মোশারফ হোসেন এক যুগ পর ফিরে এলেন শেখ হাসিনার নতুন মন্ত্রিসভায়।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননও নির্বাচনকালীন মন্ত্রিসভায় ছিলেন। তিনিও আগে মন্ত্রিসভা সম্প্রসারণের সময় মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।
১৯৯৬ সালে শেখ হাসিনার ঐকমত্যের সরকারের যোগাযোগমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবার পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
১৯৯৬ সালের প্রতিমন্ত্রী ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ১২ বছর পর শেখ হাসিনার সরকারে ফিরলেন পূর্ণমন্ত্রী হিসেবে।
এ ছাড়াও নতুন মুখ হিসেবে প্রথমবারের মতো মন্ত্রিসভায় যোগ দিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর, শেয়ারবাজারসহ নানা বিষয়ে বিতর্কিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল), বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ডসহ বেশ কয়েকটি মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী আনিসুল হক, নওগাঁ-৪ আসনের সাংসদ ইমাজউদ্দিন প্রাং, পাবনা-৪ আসনের সাংসদ শামসুর রহমান শরিফ, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সাংসদ ছায়েদুল হক এবং মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সৈয়দ মহসীন আলী। ময়মনসিংহের আওয়ামী লীগের নেতা অধ্যক্ষ মতিউর রহমান টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিত্ব পেয়েছেন। আওয়ামী লীগের সাবেক এই সাংসদ এবার দলীয় মনোনয়ন পাননি। তাঁর আসনে জাতীয় পার্টির রওশন এরশাদ নির্বাচিত হয়েছেন।
জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ শপথ নিয়েছেন মন্ত্রী হিসেবে।
প্রতিমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো সরকার পরিচালনায় দায়িত্ব পেয়েছেন আওয়ামী লীগের সাইফুজ্জামান চৌধুরী (চট্টগ্রাম-১৩), জাহিদ মালেক (মানিকগঞ্জ-৩), নারায়ণ চন্দ্র চন্দ (খুলনা-৫), জুনাইদ আহমেদ পলক (নাটোর-৩), এম এ মান্নান (সুনামগঞ্জ-৩), নসরুল হামিদ বিপু (ঢাকা-৩), মির্জা আজম (জামালপুর-৩), বীরেন শিকদার (মাগুরা-২), বীর বাহাদুর উ শৈ সিং (বান্দরবান), আসাদুজ্জামান খান কামাল (ঢাকা-১২), ইসমত আরা সাদেক (যশোর-৬), শাহরিয়ার আলম (রাজশাহী-৬) ও জাতীয় পার্টির মসিউর রহমান রাঙ্গা (রংপুর-১) এবং মুজিবুল হক চুন্নু (কিশোরগঞ্জ-৬)।
এর মধ্যে সাইফুজ্জামান চৌধুরী আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আক্তারুজ্জামান চৌধুরী বাবুর ছেলে। আর ইসমত আরা সাদেক সাবেক শিক্ষামন্ত্রী এ এস এইচ কে সাদেকের স্ত্রী।
উপমন্ত্রী হিসেবে জায়গা পেয়েছেন ভোলা-৪ আসনের সাংসদ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এবং নেত্রকোনা-২ আসনের সাংসদ, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আরিফ খান জয়।