মন্ত্রিসভায় ফিলিস্তিনে ইসরায়েলি হামলার নিন্দা

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মন্ত্রিসভা। তাদের প্রতি বর্বরোচিত এ হামলা বন্ধে আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদের সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, ফিলিস্তিনের ওপর হামলা মানবাধিকার লঙ্ঘনের নিকৃষ্ট উদাহরণ। যে বছর থেকে সংহতি ঘোষণা করা হয়েছে, সেই বছর থেকে ইসরায়েল হামলা শুরু করেছে। বাংলাদেশ ফিলিস্তিনিদের সঙ্গে ছিল, ভবিষ্যতেও থাকবে।
সচিব বলেন, ফিলিস্তিনের অধিকার ফিরিয়ে দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্যোগ নিতে হবে। এ ব্যাপারে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে কূটনৈতিক উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজকের বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের ‘ইন্টার গভর্নমেন্টাল এগ্রিমেন্ট অন ড্রাই পোর্টস’ শীর্ষক একটি চুক্তি সইয়ের প্রস্তাব অনুমোদিত হয়েছে।