মন্ত্রিসভায় (বিনা) গবেষণা আইনের খসড়া অনুমোদন
মন্ত্রিসভা আজ সোমবার গবেষণা ও পারমাণবিক কৌশল প্রয়োগের মাধ্যমে শস্যের নতুন জাত উদ্ভাবনের লক্ষ্যে ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব নিউক্লিয়ার অ্যাগ্রিকালচার (বিনা) গবেষণা আইন, ২০১৬’-এর খসড়া নীতিগতভাবে অনুমোদন করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম বলেন, আইনটির লক্ষ্য হচ্ছে গবেষণা, পারমাণবিক উপায় ও কৌশল এবং আধুনিক প্রযুক্তি কাজে লাগানোর মাধ্যমে জলবায়ু ও পরিবেশ উপযোগী শস্যের জাত উদ্ভাবন করা। তিনি বলেন, ১৯৮৪ সালে সামরিক শাসনামলে একটি অধ্যাদেশ প্রণয়নের মাধ্যমে বিনা প্রতিষ্ঠিত হয়েছে এবং ১৯৯৬ সালে একটি সংশোধনীর মাধ্যমে অধ্যাদেশটি আইনে পরিণত হয়।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সুপ্রিম কোর্টের আদেশে সামরিক শাসনামলের সব অধ্যাদেশ অবৈধ ঘোষণা করার পরিপ্রেক্ষিতে অধ্যাদেশ ও সংশোধিত আইনটি বাংলায় অনুবাদ করে প্রস্তাবিত ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব নিউক্লিয়ার অ্যাগ্রিকালচার (বিনা) গবেষণা আইন, ২০১৬’-এর খসড়াটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়। তিনি বলেন, খসড়া আইনে বলা হয়েছে যে মূল আইন অনুযায়ী, বিনার সদর দপ্তর ময়মনসিংহে হবে এবং সরকার দেশের অন্যান্য অংশে প্রতিষ্ঠানের উপকেন্দ্র বা কার্যালয় স্থাপন করতে পারবে। ইনস্টিটিউটের মহাপরিচালককে চেয়ারম্যান করে ১৪ সদস্যের একটি পরিচালনা পর্ষদ থাকবে এবং এই পর্ষদের মেয়াদ হবে তিন বছর।
অর্থ মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি যাঁদের পদমর্যাদা উপসচিবের নিচে নয়, বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের প্রতিনিধি যাঁর পদমর্যাদা একজন পরিচালকের নিচে নয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন এই পর্ষদের সদস্য হবেন। এ ছাড়া ইনস্টিটিউটের পরিচালক, বাংলাদেশ কৃষি গবেষণা পরিষদের একজন প্রতিনিধি, কৃষি মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে কৃষি সম্প্রসারণ বিভাগের একজন প্রতিনিধি এবং কৃষি মন্ত্রণালয়ের মনোনীত দুজন সিনিয়র বিজ্ঞানী এই পর্ষদের সদস্য হবেন।
মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম বলেন, ইনস্টিটিউটের অন্যান্য কাজ হবে টেকসই কৃষি ব্যবস্থাপনা এবং আধুনিক ভূমি ও পানি ব্যবস্থাপনার পাশাপাশি উৎপাদনশীলতা নিশ্চিত করা। যথাযথ প্রযুক্তি ব্যবহার করে শস্যের গুণগত মান উন্নয়ন, বালাই নিয়ন্ত্রণ এবং কীট ব্যবস্থাপনার দায়িত্বও ইনস্টিটিউট পালন করবে। খসড়া আইন অনুযায়ী, ইনস্টিটিউট কর্তৃপক্ষ প্রতিবছরের শেষে সরকারের কাছে প্রতিবেদন পেশ করবে।
মন্ত্রিসভা বৈঠকে গত ৮-১০ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব সরকার সম্মেলনে জনপ্রশাসনমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের অংশগ্রহণের বিষয়ে অবহিত করা হয়। এ ছাড়া গত ১৫-২০ মার্চ ভিয়েতনামে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের সফর এবং গত ৭-১১ মার্চ মালয়েশিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার ৩৩তম এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক সম্মেলনে খাদ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের অংশগ্রহণ সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়।
আরও পড়ুন...