মন্ত্রিসভায় বৈদেশিক কর্মসংস্থান নীতির খসড়া অনুমোদন
নিরাপদ অভিবাসন ও অভিবাসী এবং তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতসহ ছয় দফা নির্দেশনা দিয়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান নীতির খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ব্রিফিংয়ে বলেন, ২০০৬ সালে এ-সম্পর্কিত বিদ্যমান সংক্ষিপ্ত নীতি সংশোধন করে অভিবাসন-বিষয়ক আন্তর্জাতিক আইনের আলোকে এই খসড়া নীতি প্রণীত হয়েছে। এই নীতিতে ছয়টি নির্দেশনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এতে নিরাপদ অভিবাসন উৎসাহিত, অভিবাসী শ্রমিক এবং তাঁদের পরিবারের সদস্যদের নিরাপত্তা, অভিবাসী শ্রমিকদের সুযোগ-সুবিধা ও কল্যাণ নিশ্চিত করা, নারী শ্রমিকদের অভিবাসন, জাতীয় উন্নয়নের সঙ্গে অভিবাসনকে সম্পৃক্ত করা এবং শ্রমিক অভিবাসনে যথাযথ পরিকল্পনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
ব্রিফিংয়ে জানানো হয়, নতুন নীতিতে অভিবাসী শ্রমিকদের যথাযথ কল্যাণ, সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে অর্থ, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, বাণিজ্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের সেনাবাহিনীর স্বাস্থ্যসেবা খাতে প্রশিক্ষণ ও সহযোগিতা-সম্পর্কিত খসড়া প্রটোকলের অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের ইউএন-এ্যাস্কাপের ‘ইন্টার গভর্নমেন্টাল অ্যাগ্রিমেন্ট অন ড্রাই পোর্ট’ শীর্ষক প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে কাস্টমস দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট উদ্বোধন করেন।
বৈঠক সূত্র জানায়, মন্ত্রিসভার বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ৮৩তম জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার অন্য সদস্যরা তাঁকে শুভেচ্ছা জানান। বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন অর্থমন্ত্রীকে তাঁর মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি কেক পাঠান।