মন্ত্রিসভায় ব্যাংক কোম্পানি আইনের সংশোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকিং খাত তদারকিতে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা আরও বাড়িয়ে এবং ‘ব্যাংক’ শব্দটি ব্যবহার নিয়ন্ত্রণ করে ‘ব্যাংক কোম্পানি আইন (সংশোধন) ২০১৩’ খসড়ার প্রস্তাবের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।গতকাল সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে এই অনুমোদন করা হয়। সংশোধিত আইনে অবৈধ ব্যাংকিং প্রতিরোধ, ব্যাংক পরিচালকের মেয়াদ নির্ধারণ, ঋণখেলাপির সংজ্ঞা সুনির্দিষ্ট করা এবং শেয়ারবাজারে বাণিজ্যিক ব্যাংকগুলোর বিনিয়োগসীমা নির্ধারণ করা হয়েছে। সংশোধিত আইনে সরকারি ব্যাংকগুলোর পরিচালকদের অপসারণ করার ক্ষমতা দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংককে। এ ছাড়া বিভিন্ন খাতে অনিয়মের বিরুদ্ধে জরিমানার পরিমাণও বাড়ানো হয়েছে।মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা এ বিষয়ে গতকাল বৈঠক শেষে সাংবাদিকদের জানান, ব্যাংকিং খাতের ব্যাসেল নীতির সঙ্গে সংগতি রেখে সংশোধনী আনা হয়েছে। সংশোধিত আইনে ব্যাংক কোম্পানি আইনের কোনো ধারা স্থগিত করার প্রয়োজন হলে, সেটা করতে পারবে বাংলাদেশ ব্যাংক। আগে এ ক্ষমতা শুধু সরকারের ছিল। এখন এটা সরকারের সঙ্গে পরামর্শ করে বাংলাদেশ ব্যাংক করতে পারবে। এর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা বাড়ানো হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।মন্ত্রিপরিষদ সচিব বলেন, সংশোধিত আইনে পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগসীমা সম্পর্কে বলা হয়েছে যে ধারণকৃত শেয়ার বাজারমূল্যে ওই ব্যাংকের আদায়কৃত মূলধন, শেয়ার প্রিমিয়াম, সংবিধিবদ্ধ সঞ্চিতি ও রিটার্নিং আয়ের মোট পরিমাণের ৫ শতাংশ এবং ব্যাংকের আদায়কৃত মূলধনের ১০ শতাংশের বেশি হতে পারবে না।ব্যাংক পরিচালক হওয়ার ক্ষেত্রে পরিচালকদের মেয়াদ সর্বোচ্চ তিন বছর ও কোনো পরিচালক পর পর দুবারের বেশি পরিচালক হতে পারবেন না। মন্ত্রিপরিষদ সচিব জানান, কোনো ব্যক্তি একই সঙ্গে একাধিক কোনো আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক পদে থাকতে পারবেন না বলেও আইনে উল্লেখ করা হয়েছে।সচিব আরও জানান, ব্যাংক থেকে নেওয়া ঋণ ছয় মাস অনাদায়ি হলে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান ঋণখেলাপি হিসেবে চিহ্নিত হবে। ব্যাংক মূলধন সংরক্ষণের ক্ষেত্রে সময়ের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক যা নির্ধারণ করবে তা ব্যাংকগুলোকে সংরক্ষণ করতে হবে। তবে রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকগুলোকে এ ক্ষেত্রে অব্যাহতি দেওয়া হয়েছে। এটা সরকার নির্ধারণ করতে পারবে।